ফুসফুসের ক্যানসার চিহ্নিত করবে এআই প্রযুক্তি নির্ভর যন্ত্র!
কমলা নেহরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা ওই যন্ত্রর ট্রায়াল রান চালিয়েছেন।
Truth Of Bengal: আইআইটি কানপুরের স্টার্টআপ সংস্থা লেনেক টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে উত্তর প্রদেশের প্রয়াগরাজের কমলা নেহরু মেমোরিয়াল হাসপাতাল পোর্টেবল স্ক্রিনিং ডিভাইস তৈরি করেছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর এই যন্ত্র ফুসফুসের ক্যানসার চিহ্নিত করতে পারে বলে দাবি গবেষকদের। কমলা নেহরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা ওই যন্ত্রর ট্রায়াল রান চালিয়েছেন।
গবেষকদের মতে, দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগীরা মারণ রোগ ক্যানসারে আক্রান্ত কিনা তা সহজে বোঝা যায় না। গ্রামের বাসিন্দাদের মধ্যে হাসপাতালে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করানো নিয়ে অনীহা কাজ করে। ফুসফুসের ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগেভাগে রোগ চিহ্নিত করলে চিকিৎসা সঠিক পদ্ধতিতে হলে বাঁচার সম্ভাবনা থাকে রোগীর।
এআই প্রযুক্তি নির্ভর পোর্টেবল স্ক্রিনিং যন্ত্র এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করেন কমলা নেহরু মেমোরিয়াল হাসপাতালের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মধু চন্দ্র ও আইআইটি কানপুরের অধ্যাপক দীপু ফিলিপ।






