চোটের কারণে মালয়েশিয়া ম্যাচে বাদ অনিরুদ্ধ, বিক্রমপ্রতাপ
Vikram Pratap ruled out of Malaysia match due to injury
Truth Of Bengal: আগামী ১৮ নভেম্বর হায়দরাবাদে মালয়েশিয়ার বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতীয় সিনিয়র ফুটবল দল। তার আগেই ভারতীয় শিবিরে দুঃসবাদ। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না মেন-ইন-ব্লুজ ব্রিগেডের অন্যতম দুই ফুটবলার অনিরুদ্ধ থাপা ও বিক্রমপ্রতাপ সিং। সোমবার এই খবর জানা গিয়েছে।
উল্লেখ্য, গত রবিবার ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় দলের অন্যতম এই সেরা মিডফিল্ডারটি। তারপরই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মোহনবাগানের এই মিডফিল্ডারের বদলে শিবিরে ডাকা হয়েছে থৈবা সিংকে।
শুধু অনিরুদ্ধই নন, চোট আছে আর এক ফুটবলার বিক্রম প্রতাপ সিংয়েরও। মুম্বই সিটি এফসির এই ফরোয়ার্ডকেও নাকি মালয়েশিয়া ম্যাচে দলে পাওয়া যাবে না বলেই খবর। তবে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের জাতীয় শিবির থেকে ছিটকে যাওয়ার বিষয়ে এখনও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ২০২৫ সালে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য যোগ্যতা নির্ণয়ক ম্যাচ খেলতে হবে ভারতকে। তার আগে দেশের মাটিতে মালয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন ভারতীয় দলের প্রধান কোচ।






