অসুবিধা হচ্ছে, শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয় নিয়ে দাবি কোডির
প্রথমে গোল খেয়ে সমতা ফেরালেও শেষ মুহূর্তে ফের গোল খায় তারা, যার ফলে ম্যাচ শেষ হয় ১-২ ফলাফলে।
Truth Of Bengal: সময়টা একেবারে ভালো যাচ্ছে না লিভারপুলের। চলতি প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হলেও এবার পরাজয়ের মুখ দেখতে হচ্ছে তাদের। টুর্নামেন্টের পরপর দুটি ম্যাচ হেরেছে তারা। তার উপর হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ। অর্থাৎ পরপর তিনটি ম্যাচে তারা শিকার হয়েছে পরাজয়ের। শনিবার তাদের শেষ মুহূর্তে হারিয়েছে চেলসি। প্রথমে গোল খেয়ে সমতা ফেরালেও শেষ মুহূর্তে ফের গোল খায় তারা, যার ফলে ম্যাচ শেষ হয় ১-২ ফলাফলে। এবার এই নিয়ে নিজের মুখ খুললেন দলের তারকা ফুটবলার কোডি গাকপো। ‘স্কাই স্পোর্টস’এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে লাস্ট মিনিটে গোল খেয়ে পরাজয় মেনে নিতে অসুবিধা হচ্ছে।
কোডি বলেন, “প্রথমার্ধে ওরা একটি অসাধারণ গোল করে। দ্বিতীয়ার্ধে আমরা বেশ লড়াই করি সমতা ফেরানোর জন্য এবং ওদের থেকে একটু ভালোই খেলি। তবে কাউন্টারে ওরা খতরনাক ছিল। শেষ মুহূর্তে গোল হজম করার মেনে নিতে অসুবিধা হয়।” দলের ফর্ম প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, “আমি বলতে চাই না আত্মবিশ্বাসের অভাব। এই সময়ে পরিস্থিতি আমাদের পক্ষে নয়। হয়তো পাঁচটি ম্যাচ আগে আমাদের পক্ষে ছিল। এটা ফুটবলের অংশ। এটি আমাদের মেনে নিতে হবে ও লড়াই চালিয়ে যেতে হবে এবং আগে এগোতে হবে।” পাশাপাশি, এটাও জানান যে দল এখন কি ভাবছে। কোডি বলেন, “আমরা সকলেই পরিস্থিতি নিয়ে সচেতন। কি করতে হবে আমরা জানি।”
প্রসঙ্গত, শনিবার চেলসি নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে লিভারপুলকে পরাজিত করে ২-১ গোলে। প্রথমার্ধে কাইকিডোর গোলে চেলসি এগিয়ে গেলেও লিভারপুলের হয়ে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় তা শোধ করেন গাকপো। তবে ৯০ মিনিট পার করে অতিরিক্ত সময়ে ফের গোল খায় লিভারপুল। এস্টেভাওয়ের শেষ মুহূর্তের গোলে মন ভাঙ্গে লিভারপুলের ফুটবলের থেকে শুরু করে সমর্থক, সকলেরই।


