Maharashtra voter list: মহারাষ্ট্রে ৯৬ লক্ষ ভুয়ো ভোটারকে তালিকায় যুক্ত করা হয়েছে’, চাঞ্চল্যকর অভিযোগ রাজ ঠাকরের
তাঁর দাবি, নির্বাচন কমিশনের নাকের ডগায় এই কুকীর্তি হয়েছে।
Truth of Bengal: পুরসভা নির্বাচনের প্রাক্কালে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এবার সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান রাজ ঠাকরে। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের নাকের ডগায় এই কুকীর্তি হয়েছে। রবিবার দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ ঠাকরে বলেন, “আমাদের কাছে খবর রয়েছে, পুরসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ভোট কারচুপির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটারকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।” এই গুরুতর অভিযোগ তুলে তিনি দলের সমস্ত নেতৃত্বের প্রতি বার্তা দিয়েছেন—”ছোট ছোট দল তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখুন। যতদিন না গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে, ততদিন কোনো নির্বাচন হবে না (Maharashtra voter list)।”
রাজ ঠাকরের এই অভিযোগের পর মহারাষ্ট্রের অন্যান্য বিরোধী দলগুলিও তাঁর পাশে এসে দাঁড়িয়েছে। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত এই প্রসঙ্গে জানান, শীঘ্রই এই ইস্যুতে বিরোধী দলগুলির মধ্যে আলোচনা হবে। তিনি বলেন, তাঁদের দলের প্রধান উদ্ধব ঠাকরে, এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) প্রধান শরদ পওয়ার এবং অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর তাঁরা সম্মিলিতভাবে নির্বাচন কমিশনে গিয়ে এই বিষয়ে কথা বলবেন। রাউত আরও অভিযোগ করেন, “প্রতিটি নির্বাচনে কারচুপি হচ্ছে। এভাবেই ভোটে জিতছে বিজেপি।” তিনি জানান, এই কারচুপির প্রতিবাদে নভেম্বরে মুম্বইতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ মিছিল বের করা হবে (Maharashtra voter list।
উল্লেখ্য, এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছেন। তিনি কর্নাটকের মহাদেবপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ত্রুটি তুলে ধরেছিলেন। তথ্য-প্রমাণ সামনে এনে তিনি অভিযোগ করেন, ভোটে জিততে বহু কেন্দ্রে লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম যুক্ত করা হয়েছে এবং বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে এই বিরাট অপরাধ ঘটিয়েছে। মহারাষ্ট্রে রাজ ঠাকরের নতুন অভিযোগে সেই ধারাবাহিকতাই আরও জোরালো হল (Maharashtra voter list)।






