টেস্টে ফিরতে বিসিসিআই-এর কাছে ‘বিশেষ আর্জি’ শুভমান গিলের
এই ব্যর্থতার কারণ খুঁজে বের করে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিসিসিআই-কে বিশেষ পরামর্শ দিয়েছেন গিল।
Truth Of Bengal: আর এক মাস পরেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। কিন্তু এই মেগা টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে জায়গা হয়নি শুভমান গিলের। যদিও সাদা বলের এই টুর্নামেন্টে না থাকলেও, লাল বলের ক্রিকেটে ভারতীয় দলকে আবার ছন্দে ফেরাতে মরিয়া ২৫ বছরের এই তরুণ ক্রিকেটার।ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে শুভমান গিলকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। তবে ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। শেষ ১৩ মাসে ঘরের মাঠেই দু’বার হোয়াইটওয়াশ হয়েছে ভারত—নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্যত মুখ থুবড়ে পড়েছে বুমরা-রাহুলদের দল।
এই ব্যর্থতার কারণ খুঁজে বের করে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিসিসিআই-কে বিশেষ পরামর্শ দিয়েছেন গিল। সম্প্রতি নির্বাচক ও ভারতীয় দলের লিডারশিপ গ্রুপের সঙ্গে আলাদা বৈঠকে বসে তিনি স্পষ্টভাবে জানান, যে কোনও টেস্ট সিরিজ়ের অন্তত ১৫ দিন আগে প্রস্তুতি শিবির আয়োজন করা জরুরি। এই বিষয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা। তিনি জানান,শুভমান খুব পরিষ্কারভাবে বলেছে যে টেস্ট ক্রিকেটে নামার আগে আরও বেশি প্রস্তুতির প্রয়োজন। ঠাসা সূচির কারণে এই মরশুমে ভারতীয় দল যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি। তাই লাল বলের ক্রিকেটে ১৫ দিনের ট্রেনিং ক্যাম্প আয়োজনের প্রস্তাব দিয়েছে ও।
শুধু প্রস্তাবই নয়, শুভমানের এই উদ্যোগ ও নেতৃত্বের মানসিকতাকে স্বাগত জানিয়েছে বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, আগামী দিনে দল গঠন ও পরিকল্পনায় গিলের মতামতকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। টেস্ট ও একদিনের দলের দায়িত্ব এখন তাঁর কাঁধেই, ফলে নেতৃত্বের ক্ষেত্রে দৃঢ় মানসিকতার কাউকেই খুঁজছিল টিম ম্যানেজমেন্ট।প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার মতোই আত্মবিশ্বাসী ও স্পষ্ট ভাবনাচিন্তার নেতৃত্ব প্রত্যাশা করছে দল। সেই জায়গায় শুভমান গিল নিজের স্ট্র্যাটেজি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দল সংক্রান্ত ভাবনা স্পষ্টভাবে নির্বাচকদের জানাচ্ছেন, যা ইতিবাচক হিসেবেই দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।টি-২০ বিশ্বকাপে না থাকলেও, টেস্ট ক্রিকেটে ভারতকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব নিতে যে শুভমান পুরোপুরি প্রস্তুত—তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।






