খেলা

অধিনায়কের দায়িত্বে হরমনপ্রীত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে স্কোয়াড ঘোষণা ভারতের

শনিবার ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে রয়েছেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মন্ধানা।

Truth Of Bengal: অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় মহিলা দলের টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। শনিবার ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে রয়েছেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মন্ধানা।আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে ভারত খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের পাশাপাশি একটি টেস্ট। সফরের শেষ পর্বে পার্থে ৬ থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচ।

এই টেস্ট স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন বিশ্বকাপজয়ী তারকা প্রতিকা রাওয়াল, বাঁ-হাতি স্পিনার বৈষ্ণবী শর্মা এবং পেসার ক্রান্তি গৌড়। প্রতিকার অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিতই ছিল, ওয়ানডেতে তাঁর দুরন্ত ফর্মের জন্য। ২৪টি ম্যাচে ১১১০ রান, গড় ৫০.৪৫—এর মধ্যে রয়েছে দুটি শতরান ও সাতটি অর্ধশতরান। চোটের কারণে গত বছর মহিলা ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলতে না পারলেও, এখন পুরোপুরি সুস্থ প্রতিকা। যদিও তিনি সাদা বলের সিরিজে দলে নেই।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বৈষ্ণবী শর্মা ইতিমধ্যেই জাতীয় দলে টি-২০ তে অভিষেক করেছেন। এখনও পর্যন্ত তিনি পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। পেসার ক্রান্তি গৌড় গত বছর আন্তর্জাতিক অভিষেকের পর ১৫টি ওয়ানডে ও চারটি টি-২০ ম্যাচ খেলেছেন এবং ওয়ানডেতে ২৩টি উইকেট নিয়ে নজর কেড়েছেন।মুম্বইয়ের পেসার সায়ালি সাতঘরের অন্তর্ভুক্তির ফলে অভিজ্ঞ অরুন্ধতী রেড্ডি এই সফরের টেস্ট দলে জায়গা পাননি।এদিকে, চোটের কারণে তরুণ উইকেটকিপার জি কামালিনি অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলি হিসেবে টি-২০ ও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উমা চেত্রী।এছাড়াও এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের জন্য ভারত ‘এ’ দল ঘোষণা করেছে নির্বাচকরা। অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার রাধা যাদব এই দলের নেতৃত্ব দেবেন। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা পেয়েছেন প্রতিভাবান ব্যাটার অনুষ্কা শর্মা। টুর্নামেন্টটি ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরশাহি (১৩ ফেব্রুয়ারি), পাকিস্তান ‘এ’ (১৫ ফেব্রুয়ারি) এবং নেপালের (১৭ ফেব্রুয়ারি) বিরুদ্ধে।

ভারত মহিলা টেস্ট স্কোয়াড:

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমাহ রড্রিগেজ, আমনজোত কৌর, রিচা ঘোষ (উইকেটকিপার), উমা চেত্রী (উইকেটকিপার), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, রেণুকা ঠাকুর, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, বৈষ্ণবী শর্মা, সায়ালি সাতঘরে।