খেলা

গৌতম গম্ভীরের জন্যই রোহিত-বিরাটরা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন : মনোজ

তার আগে অবশ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বীন, রোহিত ও বিরাট।

Truth Of Bengal: চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে গিয়ে একদিনের সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ খেলবে গম্ভীরের দল। তার আগেই একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে রোহিতকে সরিয়ে শুভমনকে অধিনায়ক ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা। যা মেনে নিতে অনেক প্রাক্তন ক্রিকেটাররা। তার আগে অবশ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বীন, রোহিত ও বিরাট। এবার তা নিয়ে সরাসরি গম্ভীরের দিকে অভিযোগের আঙুল তুললেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি।(Manoj Tiwary)

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ (Manoj Tiwary) বলেন, ‘গম্ভীর ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েই প্রথমেই ঠিক করে ফেলেছিলেন যে সিনিয়র ক্রিকেটারদের দল থেকে কিভাবে বাদ দিতে হবে। সেইমত উনি ওনার স্ট্র্যাটেজি সাজাতে থাকেন। এবং গৌতমের এই স্ট্যাটেজির কৌশলের কাছে একপ্রকার বাধ্য হয়েই অবসরের পথে হাঁটতে হয়। গত বছর প্রথমে অস্ট্রেলিয়া সফরের মাঝে অশ্বিন, এবং তারপর ইংল্যান্ড সিরিজের আগে রোহিত ও বিরাট এই পথ ধরেন।’

মনোজ (Manoj Tiwary) এরপর আরও বলেন, ‘গম্ভীর টিম ইন্ডিয়ার রিমোট কন্ট্রোল হাতে নিয়েই বুঝতে পেরেছিলেন দলের তিন সিনিয়র ক্রিকেটার অশ্বিন, রোহিত ও বিরাটরা অনেকদিন ধরে জাতীয় দলে রয়েছেন, ফলে দলের প্রতি তাঁদের কতৃত্ব অনেক বেশি। সেখানে গম্ভীরের সব কথাতে ওই তিন সিনিয়র ক্রিকেটার ইয়েস ম্যান হতে নাও পারেন। তখন বিরোধ বাঁধতে বাধ্য, সে কারণে আর ঝুঁকি নিতে চাননি গৌতি। সব ছক তৈরি করে বাধ্য করলেন এদের অবসর নিতে।’

মনোজের (Manoj Tiwary) আরও বক্তব্য, ‘গৌতম গম্ভীরের এই সিদ্ধান্তগুলি কখনই ভারতীয় দলের ক্ষেত্রে আগামী দিনের জন্য ভাল বিজ্ঞাপন হতে পারে না। কেননা, গম্ভীর এমন কিছু খেলোয়াড়কে দলে জাগয়া দিতে উঠেপড়ে লেগেছেন, এটা দলের ক্ষতিই হবে। ভাল নয়। গম্ভীরের মাথায় রাখা উচিত, রোহিত-বিরাটরা ভারতীয় ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ। জাতীয় দলের জার্সি গায়ে ওরা যেভাবে  দিনের পর দিন লড়াই করেছেন, আত্মত্যাগ করেছেন, তার জন্য তাঁদের স্যালুট জানানো উচিত।’

সবশেষে মনোজ (Manoj Tiwary) আরও একটি প্রসঙ্গ তুলে বলেন, ‘২০২৭ সালে একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমার দৃঢ় বিশ্বাস রোহিত এবং বিরাট দুজনেই ওই টুর্নামেন্ট খেলতে চান। সেখানে দাঁড়িয়ে গম্ভীর যদি তাঁদের দুজনকে বাদ দিয়ে দল তৈরির পরিকল্পনা করে থাকেন, তাহলে এর থেকে বড় ভুল সিদ্ধান্ত আর কিছু হবে না।’