খেলা

জার্মানিতে সফল অস্ত্রোপচার কুলদীপের

Kuldeep undergoes successful surgery in Germany

Truth Of Bengal: বর্তমানে যখন যশপ্রীত বুমরার নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর করছে, ঠিক তখন জার্মানিতে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন ভারতীয় দলের অন্যতম স্পিনার কুলদীপ যাদব। উল্লেখ্য, ঘরের মাঠে সদ্য নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ খেলার পরই বাঁ পায়ের কুঁচকির সমস্যায় দল থেকে ছিটকে যান কুলদীপ। এরপর আর মাঠে নামা হয়নি তাঁর। কুলদীপের বদলে দলে স্থান পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর।

চোটের জন্য জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পরই কুলদীপ চিকিৎসা করাতে উড়ে যান জার্মানিতে। সেখানের এক বে-সরকারি হাসপাতালে গত দুদিন আগেই তাঁর অস্ত্রোপচার সফলভাবেই হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান কুলদীপ। এবং তিনি যে আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছেন সে কথাও জানাতে ভুললেন না এই স্পিনার। এদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুলদীপের দ্রুত আরোগ্য করে প্রার্থনা করেছেন নেটিজেনরাও।

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সিরিজের পরই ভারতীয় দল উড়ে যায় অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে। সেখানে চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ খেলার জন্য। এই সিরিজ ভারতীয় দলের কাছে এবার বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে খেলার যোগ্যতা অর্জন করতে গেলে ভারতকে অবশ্য তিনটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়তে হবে। এই অবস্থায় কুলদীপের মতো একজন অভিজ্ঞ বোলার দলের বাইরে থাকা মানেই দল অনেকটা দুর্বল হয়ে পড়া। এখন দেখা যাক কুলদীপের বদলে দলে স্থান পাওয়া ওয়াশিংটন সুন্দর কতটা নিজেকে প্রমাণ করতে পারেন তা সময়ই বলবে।

Related Articles