খেলা

এশিয়ান গেমসে আবারও ভারত–পাক মহারণ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস।

Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপকে ঘিরে ভারত–পাকিস্তান দ্বৈরথ সবসময়ই বাড়তি উত্তাপ ছড়ায়। শোনা গিয়েছিল, ভারতের বিরুদ্ধে দল নামানোর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। যদিও সেই দাবি বাস্তবায়িত হয়নি। তবু নিশ্চিতভাবেই বলা যায়, চলতি বছর আবারও অন্তত একবার মাঠে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। সেখানে চতুর্থবারের মতো ক্রিকেট ইভেন্ট রাখা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, পুরুষ ও মহিলা—দুই বিভাগেই শক্তিশালী দল পাঠানো হবে। ২০২৩ সালের হ্যাংঝাউ এশিয়ান গেমসে দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। সেই সাফল্য ধরে রাখতে এবারও পূর্ণশক্তির স্কোয়াড গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে পাকিস্তানও এশিয়ান গেমসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ২০২৩ সালে তারা কোনও বিভাগেই পদক পায়নি। তাই এবার পূর্ণশক্তির দল নিয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে নাগোয়ায় ভারত–পাক লড়াই জমে ওঠার সম্ভাবনাই বেশি।

চলতি টি-২০ বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানের আরেকটি মহারণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই দল ফাইনালে পৌঁছলে বিশ্বমঞ্চেও হতে পারে চূড়ান্ত দ্বৈরথ।

এশিয়ান গেমসে এর আগে তিনবার ক্রিকেট আয়োজন করা হয়েছে। ২০১০ ও ২০১৪ সালের আসরে আইসিসির স্বীকৃতি ছিল না। তবে ২০২৩ সাল থেকে এই প্রতিযোগিতা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সেই কারণেই ভারতীয় বোর্ড এখন এশিয়ান গেমসকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। উপরন্তু, ২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় এশিয়ান গেমসের মঞ্চ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে, নাগোয়ার মাটিতে আবারও ভারত–পাক উত্তেজনা দেখতে প্রস্তুত ক্রিকেটপ্রেমীরা।

 

Related Articles