খেলা

বিদেশি হয়েই বিশ্বকাপে ‘দেশের মাটিতে’ নামবেন ৪০ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার

গুজরাতের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলা মোনাঙ্ক বলেন, আমাদের দলের অনেকের কাছেই ভারতের বিরুদ্ধে খেলা স্বপ্নের মতো।

Truth Of Bengal: ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহদের নিয়ে মেন ইন ব্লু’র জন্য দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। তবে শুধু ভারতের ১৫ জন ক্রিকেটারই নন, এবারের বিশ্বকাপে আরও প্রায় ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ‘বিদেশি’ জার্সিতে মাঠে নামতে চলেছেন। একসময় তাঁদের অনেকেরই স্বপ্ন ছিল ভারতের হয়ে বিশ্বকাপ খেলার। সেই সুযোগ না মিললেও অন্য দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে নামার সুযোগকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তাঁরা।এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দেশ। এর মধ্যে ৯টি দলে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা। সংখ্যার নিরিখে শীর্ষে কানাডা—তাদের দলে আছেন ১১ জন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়। আমেরিকার দলে রয়েছেন ৯ জন, আর ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে খেলবেন ৭ জন করে। পাশাপাশি নিউজিল্যান্ডের ঈশ সোধি ও রাচীন রবীন্দ্র কিংবা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের মতো পরিচিত মুখও রয়েছেন এই তালিকায়। কারও পরিবার বহু বছর আগে বিদেশে পাড়ি দিয়েছে, আবার কেউ ভারতে জন্ম নিয়ে পরে অন্য দেশে স্থায়ী হয়েছেন।

গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আমেরিকা। গুজরাতের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলা মোনাঙ্ক বলেন, আমাদের দলের অনেকের কাছেই ভারতের বিরুদ্ধে খেলা স্বপ্নের মতো। আমাদের কেরিয়ার শুরু হয়েছিল ভারতে। আমরা ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এ বার ভারতের বিরুদ্ধেই মাঠে নামব।পঞ্জাবের ফাগওয়ারায় জন্ম নেওয়া জসপ্রীত সিংহ ছোটবেলায় ইটালিতে পাড়ি দেন। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে পেরে তিনি উচ্ছ্বসিত। তাঁর কথায়, এখন ইটালিই আমার বাড়ি, কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন শুরু হয়েছিল ভারতে। এত পরিশ্রমের পর ভারতের মাটিতে খেলতে নামা বড় সম্মানের।

অন্যদিকে, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌরভ নেত্রভালকারও আমেরিকার বোলিং আক্রমণের অন্যতম ভরসা। ছোটবেলায় ক্রিকেট খেললেও পরে চাকরির সূত্রে আমেরিকায় স্থায়ী হন। এখন বিশ্বকাপে ভাল পারফর্ম করাই তাঁর লক্ষ্য।ভারতীয় শিকড় থাকা এই ক্রিকেটারদের গল্প যেন বিশ্বায়নের ক্রিকেট মানচিত্রকেই সামনে আনে। জার্সি আলাদা হলেও স্বপ্ন এক—বিশ্বকাপের মঞ্চে নজর কাড়া। ভারতের মাটিতে ভাল খেলে নিজেদের পরিচয় আরও উজ্জ্বল করাই এখন মোনাঙ্ক-নেত্রভালকার-জসপ্রীতদের লক্ষ্য।

Related Articles