
The Truth of Bengal: কোপা আমেরিকার ফাইনালে ফেভারিট কোন দল? টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শক্তিশালী আর্জেন্টিনা? এবার চ্যাম্পিয়ন হয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চাইবে আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। উরুগুয়ের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়তে প্রস্তুত আর্জেন্টিনা। আগামী সোমবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভারতীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
কলম্বিয়া ভাগ্যের জোরে কোপার ফাইনালে উঠে আসেনি সে কথা এক সাক্ষাৎকারে মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক মনে করেন, কলম্বিয়া যে টানা ২৮ ম্যাচ অপরাজিত সেটার নিশ্চয়ই কারণ আছে। আর কারণ আছে বলেই কলম্বিয়া যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে।
আর্জেন্টিনার জন্য ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্টাইন তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। লিওনেল মেসিও ক্যারিয়ারের ইতি টানতে পারেন এই ম্যাচ দিয়ে। সেমিফাইনালে জয়ের পর এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এই দুই তারকার জন্য হলেও ম্যাচটি জিততে চাইবে আর্জেন্টাইনরা। এবার কোপা আমেরিকা জিতলে ভেঙে দেবে উরুগুয়ের ১৫ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। গড়বে নতুন মাইলফলক।
শেষবার ২০০১ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। উরুগুয়েকে হারিয়ে সেবার শিরোপাও জিতেছিল দলটি। ২৩ বছর পর আবারও ফাইনালে কলম্বিয়ানরা। আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচের আগে কলম্বিয়াকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। ২০২২ সালের পর আর আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচ হারেনি দলটি। এরপর টানা ২৮ ম্যাচে অপরাজিত আছে দলটি। চলমান কোপা আমেরিকায়ও কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। সবচেয়ে বড় কথা, ফর্মে রয়েছেন দলটির বড় তারকা হামেস রদ্রিগেজ। দলীয় পারফরম্যান্সেও বেশ নির্ভার দলটি। সূত্রের খবর, ভারতে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করতে পারে দূরদর্শন।






