খেলা

টানা ব্যর্থতায় চাপে অভিষেক, টিম বাসেই পেলেন হেডস্যার গৌতির বিশেষ পরামর্শ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট ম্যাচে মাত্র ১৫ রান করে ফিরতে হয় অভিষেককে।

Bangla Jago Desk: পরপর তিন ম্যাচে রানহীন থাকার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খাতা খুললেও বড় ইনিংস গড়া হয়নি অভিষেক শর্মার। সুপার এইট পর্বে দলের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমন পরিস্থিতিতে ভারতের জয়ে ফিরতে ওপেনারের ব্যাট জ্বলে ওঠা জরুরি, এ কথা ভালমতোই বোঝেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। তাই ম্যাচ শেষে টিম বাসেই শিষ্যকে নিয়ে দীর্ঘ আলোচনায় বসতে দেখা যায় তাঁকে। গম্ভীর মুখে কোচের কথা মন দিয়ে শুনছিলেন অভিষেক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট ম্যাচে মাত্র ১৫ রান করে ফিরতে হয় অভিষেককে। ইনিংসের শুরু থেকেই স্বচ্ছন্দ ছিলেন না তিনি। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল মোকাবিলায় বারবার সমস্যায় পড়েন। গতি পরিবর্তনে কৌশলী পেসার মার্কো জ্যানসেন তাঁকে চাপে ফেলেন এবং শেষ পর্যন্ত উইকেটও তুলে নেন।

ভারতের দুই ওপেনারই বাঁহাতি হওয়ায় প্রতিপক্ষ দল শুরুতেই অফস্পিন আক্রমণ শানাচ্ছে। সেই কৌশলে কখনও অভিষেক, কখনও ঈশান কিসান বিপাকে পড়েছেন। পাওয়ার-প্লের সুবিধা কাজে লাগাতে না পারায় চাপ বাড়ছে দলের উপরেও।

পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবোয়ে, ভেন্যু চেন্নাই। দল ইতিমধ্যেই আমদাবাদ থেকে উড়ে গিয়েছে চেন্নাইয়ে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে টিম বাসে কোচ-শিষ্যের কথোপকথনের একটি ভিডিও। সামনের সিটে বসে গম্ভীরকে গভীর মনোযোগ দিয়ে কিছু বোঝাতে দেখা যায় অভিষেককে। এমনকি সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকেও আলোচনায় টেনে নেন তিনি। যদিও ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি।

তবে, গম্ভীরের এই প্রকাশ্য পরামর্শ সবার ভাল লাগেনি। অনেক সমর্থকের মত, এমন আলোচনা ব্যক্তিগতভাবেও করা যেত। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ‘শর্মাজি কা বেটা’কে বিশ্রামে পাঠানো হবে কি না, তা নিয়েও নাকি ভাবনাচিন্তা শুরু হয়েছে টিম ম্যানেজমেন্টে।

এদিকে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বাঁহাতি ওপেনারের জন্য বিশেষ প্রস্তুতির পরিকল্পনা করেছেন বলেই শোনা যাচ্ছে। তবে গম্ভীরের ঘনিষ্ঠ মহলের মতে, হাতে আরও কিছুটা সময় পেলে কাজের ফল মিলত দ্রুত। এখন দেখার, জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচেই কি ঘুরে দাঁড়াতে পারেন অভিষেক?