পঞ্চায়েতের বৈতরণি পার করার জন্য বাংলাতে বাড়ছে কংগ্রেস-বিজেপির সখ্যতা!
Panchayat Election 2023

The Truth of Bengal: সাগরদিঘি মডেল ধাক্কা খেয়েছে। নন্দকুমারের জোটে ফাটল দেখা গেছে। তবুও কংগ্রেস-বিজেপি (Congress-BJP) হাত-ধরাধরি করে পঞ্চায়েতে এগোতে চাইছে। বনগাঁর সুন্দরপুর পঞ্চায়েতে হাত-পদ্মের একযোগে পোস্টার দেখে, তৃণমূল প্রশ্ন তুলছে, বিজেপির মেরুকরণের রাজনীতি কী কংগ্রেস মেনে নেবে? উপ-নির্বাচনে সাগরদিঘিতে বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ করে তৃণমূল। সেই সাগরদিঘি বিরোধীদের বোঝাপড়ায় জল ঢেলে দিয়েছে।রাজনীতির সমঝোতার ঢেউ এখন ভাটার টানের মুখে।
সাগরদিঘি দেখে নন্দকুমারে বিজেপি-বাম-কংগ্রেস একছাতার তলায় আসে। সেই মডেলও মার খাচ্ছে ভোটবাজারে।তবু অধীর চৌধুরীদের বিজেপির সঙ্গে বোঝাপড়া করতে দেখা যাচ্ছে। জেলায় জেলায় বামেদের সঙ্গী কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোট-বন্ধুত্ব দেখা যাচ্ছে। বনগাঁর সুন্দরপুর পঞ্চায়েতের বাগান গ্রামের ২৫০ নম্বর বুথে দেখা যায় বিজেপির সঙ্গে এক ব্যানারে রয়েছে কংগ্রেস। দেওয়ালও দুই শিবিরকে একসূত্রে বেঁধেছে। কিন্তু যে বিজেপিকে কংগ্রেস প্রতিদ্বন্দ্বী বলে,সাম্প্রদায়িক বলে,তাঁদের হাত ধরতে কী কংগ্রেসের বিবেকে বাঁধছে না? রাজনৈতিক বদলের ভাবনা কেন আসছে?
ভোটাররাও প্রশ্ন তুলছেন,কেন মোদি-রাহুলদের দলের এই সুবিধাবাদী জোট? ভোটের আগে কেন ভোলবদল? জোটের প্রার্থী হিসাবে বিজেপি, কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে গ্রামে পোস্টার দিয়েছে।খোলামেলা হাতধরাধরির ছবি গ্রামে বড় প্রশ্ন তুলছে।বিজেপি অবশ্য এবিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বিধায়ক অশোক কীর্তনীয়ার গলায় মানুষের জোটের কথা শোনা যায়। তৃণমূল কংগ্রেস কংগ্রেস-বিজেপির এই জোটকে সুবিধাবাদী জোট বলে তোপ দেগেছে। সবমিলিয়ে বাংলায় এই কংগ্রেস-বিজেপির সখ্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করছে।






