পাহাড়ে বিজেপিতে বিদ্রোহ, নির্দল প্রার্থী হওয়ার হুঙ্কার কার্শিয়াংয়ের বিধায়কের
Karshiang MLA vows to be an independent candidate

The Truth of Bengal: বিজেপির পশ্চিমবঙ্গের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। চারটি আসনের জন্য প্রার্থীদের নাম এখনও চূড়ান্ত হয়নি। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাজু বিস্তা। এই কেন্দ্রে প্রার্থী বদল হতে পারে এমন একটা চর্চা চলছিল। দলের বিদায়ী সাংসদের বিরুদ্ধে সরব হয়েছিলেন দলেরই একটা বড় অংশ।
কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা প্রথম থেকেই সোচ্চার ছিলেন। দ্বিতীয় প্রার্থী তালিকায় দার্জিলিং কেন্দ্র থেকে রাজু বিস্তার নাম ঘোষণা করা হয়েছে। আর এই নাম ঘোষণার পর থেকেই পাহাড়ে গেরুয়া শিবিরের বিদ্রোহ প্রকাশ্যে। রাজু বিস্তাকে মেনে নিতে পারছেন না বিরোধী শিবির। গত কয়েকমাস ধরে পাহাড়ের গেরুয়া রাজনীতিতে একটা ডামাডোল চলছিল। প্রার্থী হতে না পারলে তিনিও নতুন কিছু ভাবছেন এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন রাজু বিস্তা।
তার মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের পরিচিতির জায়গায় জাতীয় মুখপাত্রের পরিচয় উঠিয়ে দিয়েছিলেন। এবার বিরোধী শিবিরের বিষ্ণুপ্রসাদ শর্মা হুমকি দিয়েছেন নির্দল প্রার্থী হওয়ার। বার্তা দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে। রাজু বিস্তার নাম ঘোষণা হওয়ার পর থেকে এই বিদ্রোহ পাহাড়ের অন্যত্র ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল প্রার্থী হলে যথেষ্টই চাপে পড়ে যেতে পারেন বিজেপি প্রার্থী। বিজেপির দিল্লির নেতারা পাহাড়ের এই বিদ্রোহ কোন ফর্মুলায় বন্ধ করতে পারে সেটা এখন দেখার।


