কলকাতা

সপ্তাহান্তে মিলবে ‘শীত-সুখ’! আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্বস্তিতে শীতপ্রেমীরা

আপাতত কলকাতা সহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও, সপ্তাহের শেষে পারদ আরও কিছুটা নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Truth Of Bengal: যাচ্ছি যাচ্ছি করেও যেন শীত এখনও বিদায় নিতে রাজি নয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের উইকএন্ডে ফের হিমেল হাওয়ার পরশ পেতে চলেছেন বাংলাবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে কমে আসায় রাজ্যজুড়ে আবারও শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। আপাতত কলকাতা সহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও, সপ্তাহের শেষে পারদ আরও কিছুটা নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উইকএন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এর ফলে ফের একবার শহরজুড়ে শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হবে। বিশেষ করে রাত ও ভোরের দিকে ঠান্ডার প্রভাব বাড়বে।

এই মুহূর্তে রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় আগামী দু’দিন তুলনামূলকভাবে কুয়াশার প্রবণতা বেশি থাকতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব ইরান ও সংলগ্ন আফগানিস্তান এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া দক্ষিণ-পূর্ব আরবসাগর সংলগ্ন এলাকায়, লাক্ষাদ্বীপ ও কেরালা উপকূলের মাঝামাঝি অঞ্চলেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

রবিবার, ৮ ফেব্রুয়ারি রাজ্যে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। তার প্রভাবে শীতের দাপট কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর।

কলকাতা জুড়ে ইতিমধ্যেই হালকা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। রাত ও ভোরের দিকে ঠান্ডা বাড়ছে। আবহাওয়া অফিসের মতে, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। গোটা উইকএন্ড জুড়েই শীতের অনুভূতি বজায় থাকবে, যদিও আকাশ মূলত পরিষ্কার থাকবে।

সকালে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে। আগামী সাতদিন রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। শীতের প্রভাব কিছুটা বাড়ার পর আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৮৯ শতাংশের মধ্যে রয়েছে।

Related Articles