দিল্লির পর এবার কলকাতা হাই কোর্ট! নিট পরীক্ষার নম্বরে কারচুপির অভিযোগে বড় মামলা
পরীক্ষার ওএমআর শিট পুনরায় যাচাইয়ের আবেদন জানিয়ে মামলা করেছেন এক পরীক্ষার্থী
Truth of Bengal: নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কের মধ্যেই এবার নম্বরের গরমিলের অভিযোগ পৌঁছল কলকাতা হাই কোর্টে। পরীক্ষার ওএমআর শিট পুনরায় যাচাইয়ের আবেদন জানিয়ে মামলা করেছেন এক পরীক্ষার্থী। তাঁর অভিযোগ, উত্তরপত্র অনুযায়ী যে নম্বর পাওয়ার কথা, প্রকাশিত ফলে তার তুলনায় প্রায় ৩৭০ নম্বর কম দেওয়া হয়েছে। মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র বক্তব্য তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারীর দাবি, পরীক্ষার আনসার কি অনুযায়ী তাঁর ৬৫৯ থেকে ৬৬১ নম্বর পাওয়ার কথা। কিন্তু এনটিএ প্রকাশিত ফলাফলে তাঁর প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে মাত্র ২৮৯। ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের ইমেলের মাধ্যমে ওএমআর শিট পাঠানো হলে তিনি নম্বরের এই বিরাট ফারাক লক্ষ্য করেন।
পরীক্ষার্থীর অভিযোগ, তাঁর উত্তরের সঙ্গে এনটিএ পাঠানো ওএমআর শিটের তথ্যের কোনও সামঞ্জস্য নেই। আনসার কি মিলিয়ে দেখার পর তাঁর আইনজীবী দাবি করেন, মূল্যায়নে প্রায় ৩৭০ নম্বরের গরমিল রয়েছে। তাই ওএমআর শিট নতুন করে পরীক্ষা এবং মূল্যায়নের আবেদন জানানো হয়েছে। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে সওয়াল করেন, নিটের ওএমআর শিট কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। সে ক্ষেত্রে আনসার কি এবং প্রকাশিত নম্বরের মধ্যে এত বড় পার্থক্য কীভাবে তৈরি হল, তার ব্যাখ্যা প্রয়োজন।
ওএমআর মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কাও প্রকাশ করেন মামলাকারীর আইনজীবী। তাঁর বক্তব্য, শুধুমাত্র প্রযুক্তিগত ভুল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা দরকার। দুই পক্ষের বক্তব্য শোনার পর এনটিএ-কে দ্রুত নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি হবে।



