কালীঘাট থানায় নতুন ওসি চামেলি মুখোপাধ্যায়, বিতর্কিত পোস্টের জেরে সাসপেন্ড গৌতম দাস
এই পোস্টটি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক শুরু হয়।
Truth of Bengal: সমাজমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়ে অবশেষে সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কলকাতা পুলিশের তরফ থেকে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, তিনি পুলিশের পোশাকে নিজের চেয়ারে বসে আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলে তা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলেন, যার ক্যাপশনে লেখা ছিল—‘রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট’ বা ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’।
এই পোস্টটি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক শুরু হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, একজন পুলিশ আধিকারিক হয়ে উর্দি পরিহিত অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে এহেন প্রদর্শনী নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং এটি বিধিভঙ্গ। এই ঘটনায় তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি লিখে নালিশ জানান।
এই বিতর্কের মাঝেই কলকাতা পুলিশ গৌতম দাসকে তাঁর পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে চামেলি মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনের নির্দেশে স্পেশ্যাল ব্রাঞ্চ থেকে গৌতম দাসকে কালীঘাট থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই সমাজমাধ্যমে তাঁর বিতর্কিত পোস্টের জেরে শেষ পর্যন্ত তাঁকে পদ হারাতে হল।





