কলকাতা

রণক্ষেত্র ভবানীপুর! শুভেন্দুকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান

শুভেন্দুকে লক্ষ্য করে উঠল 'গো ব্যাক' স্লোগান, যা ঘিরে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই শিবিরের কর্মীরা।

Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা যুদ্ধের হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে দাঁড়িয়ে বৃহস্পতিবার প্রচারে নেমেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু প্রচার শুরুর কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নিল চক্রবেড়িয়া এলাকা। শুভেন্দুকে লক্ষ্য করে উঠল ‘গো ব্যাক’ স্লোগান, যা ঘিরে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই শিবিরের কর্মীরা।

এদিন দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে চক্রবেড়িয়া এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মিছিলটি যখন একটি তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা শুভেন্দুকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরাও। দু’পক্ষের বাদানুবাদ থেকে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ চলে এই উত্তেজনা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার পরই সোজা ভবানীপুর থানায় হাজির হন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি তিনি সাফ জানান, এই ধরণের হামলা করে তাঁকে আটকানো যাবে না। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে যে, প্ররোচনামূলক স্লোগান দিয়ে এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছিল বিজেপি।

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনটি সবার নজর কেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারীর লড়াই এই কেন্দ্রটিকে রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। আজকের এই ঘটনা প্রমাণ করে দিল যে, ভোটের দিন যত এগিয়ে আসবে, ভবানীপুরের মাটি ততই তপ্ত হবে।

Related Articles