গলদঘর্ম প্রচার ও প্যাচপ্যাচে গরম, নির্বাচনের মাঝেই তাপপ্রবাহের ভ্রুকুটি বাংলায়
তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে
Truth Of Bengal: নির্বাচনী প্রচারের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রকৃতিতেও গরমের দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেই রাজ্যের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে তীব্র গরম এবং অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই ভোটপ্রার্থী ও ভোটারদের নিজেদের কাজ সারতে হবে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এ বছর গ্রীষ্মের আগমন কিছুটা বিলম্বে হলেও এপ্রিলের শুরুতেই রোদের তেজ প্রবল হতে শুরু করেছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক পশ্চিমী ও উত্তর-পশ্চিমী হাওয়া বইবে। এর ফলে ৪ এপ্রিল পর্যন্ত আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, যা সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়িয়ে দেবে।
তীব্র গরমের কথা মাথায় রেখে আলিপুর হাওয়া অফিস ইতিমধ্য়েই ‘লু’ বা তাপপ্রবাহ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। বিশেষ প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, টানা ঝড়-বৃষ্টির পর্ব এখন শেষের পথে, আর তার জায়গা নিতে চলেছে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া। আগামী দিনে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে বলে আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে।


