কলকাতা

পিএমএওয়াই-জি, আইএওয়াই ও বাংলার বাড়ি প্রকল্পের অনুমোদনপত্র বৈধ নথি নয়, স্পষ্ট করল কমিশন

সংশ্লিষ্ট প্রকল্পগুলির আর্থিক অনুদানের অনুমোদনপত্র এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য কি না

Truth of Bengal: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা -২০২৬ প্রক্রিয়ায় কোন কোন নথি গ্রহণযোগ্য হবে, তা নিয়ে জারি হল গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, পিএমএওয়াই-জি, আইএওয়াই বা বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পের আর্থিক সহায়তার স্যাংশন লেটার এসআইআর-এর ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য হবে ন। কমিশন থেকে এই মর্মে জারি হওয়া এক চিঠিতে সিইও কে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে কমিশন এই ব্যাখ্যা দিয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছিল, সংশ্লিষ্ট প্রকল্পগুলির আর্থিক অনুদানের অনুমোদনপত্র এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য কি না।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রদত্ত এক আদেশে বলেছে, যাঁদের নোটিস দেওয়া হয়েছে তাঁরা নির্বাচন কমিশনের এসআইআর নোটিসে উল্লেখিত নথি অথবা আদালতের পূর্ববর্তী নির্দেশে উল্লিখিত নথির উপর নির্ভর করতে পারবেন। এবং সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ইআরও) আপত্তি নিষ্পত্তির সময় সেই নথিগুলি বিবেচনা করবেন। তবে কমিশনের ২৭ অক্টোবর ২০২৫-এর এসআইআর নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, “সরকারি জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র” গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য হবে। কিন্তু পিএমএওয়াই-জি, আইএওয়াই কিংবা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে জারি হওয়া আর্থিক সহায়তার স্যাংশন লেটারকে সেই শ্রেণিভুক্ত করা যায় না। আদালতের নির্দেশ বা কমিশনের নির্দিষ্ট গাইডলাইনে এই ধরনের নথির উল্লেখ নেই বলেই জানানো হয়েছে।

Related Articles