আন্তর্জাতিক

রাশিয়ার তেল শোধনাগারে বিস্ফোরণ, ইউক্রেনের হামলায় হতাহত বহু

ইউক্রেনের আনম্যানড সিস্টেমস ফোর্সেস জানিয়েছে, রাশিয়ার তেল শোধনাগার, সামরিক বিমানঘাঁটি এবং ইলেকট্রনিক্স কারখানায় নিশানা করে হামলা চালানো হয়েছে।

Truth Of Bengal: রাশিয়ার উপর পাল্টা হামলা চালাল ইউক্রেন (Ukraine Strike)। সময়সীমা দিয়ে যুদ্ধ থামানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু রুশ আগ্রাসন না থামায় এবার পাল্টা মার দিল কিয়েভ। শনিবার থেকে রাশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে ড্রোন হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের আনম্যানড সিস্টেমস ফোর্সেস জানিয়েছে, রাশিয়ার তেল শোধনাগার, সামরিক বিমানঘাঁটি এবং ইলেকট্রনিক্স কারখানায় নিশানা করে হামলা চালানো হয়েছে। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে রুশ ভূখণ্ড।

জানা গিয়েছে, মস্কো থেকে ১৮০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত রিয়াজান তেল শোধনাগারে প্রথম হামলা চালানো হয়। ড্রোন বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায় স্থাপনাটিতে। পাশাপাশি, ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত ভোরোনেজ অঞ্চলের আনানেফটেপ্রডুক্ট তেল সংরক্ষণাগারেও হামলা হয়েছে। দুটি ক্ষেত্রেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, রাশিয়ার দক্ষিণে অবস্থিত প্রিমোরস্কো-আখতারস্ক সামরিক বিমানঘাঁটি যেখান থেকে রুশ সেনা ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালায় তাতেও হানা দিয়েছে ইউক্রেন (Ukraine Strike)।

এ ছাড়াও রাশিয়ার পেনজা অঞ্চলের ইলেকট্রোপ্রিবর কারখানায় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। এই কারখানায় সেনাবাহিনীর জন্য ইলেকট্রনিক্স সরঞ্জাম তৈরি হয় বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে সেখানে একজন মহিলা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন দু’জন।রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই হামলায় তারা মোট ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ৩৪টি ড্রোন রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে। যদিও সব ড্রোন আটকানো যায়নি বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার সামারা অঞ্চলে একটি বাড়ির উপরে ড্রোন ভেঙে পড়ায় সেখানে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া রোস্তভের একটি শিল্প কারখানাতেও ড্রোন বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারির মধ্যেই ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলা প্রমাণ করে যে যুদ্ধ থামার কোনও লক্ষণ এখনও নেই। বরং রুশ ভূখণ্ডে এই ধরনের হামলা যুদ্ধকে আরও ভয়াবহ ও অনির্দেশ্য করে তুলতে পারে (Ukraine Strike)।

Related Articles