দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভে, নিহত এক
Repeated Russian missile attack on Kiev, one killed
Truth Of Bengal: ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার সকালে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পরপর রুশ হামলায় কেঁপে ওঠে কিয়েভ। একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশ ঢেকে যায় ধোঁয়ার কুণ্ডলীতে। কিয়েভে রুশ হামলায় অন্তত একজনের নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গিয়েছে। প্রাথমিক তথ্যের সূত্র দিয়ে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন।
সেরহি পপকো আরও বলেন, সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান সেরহি পপকো।
জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শত্রুর হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গাতেই জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। অবশ্য হামলার আগেই ইউক্রেনের বিমানবাহিনী কিয়েভের বাসিন্দাদের সতর্ক করছিল। তারা বলেছিল, উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে।






