ললিত মোদী ও বিজয় মালিয়ার ভিডিও ঘিরে বিতর্ক: ক্ষমা চাইলেন ললিত মোদী
তবে ক্ষমা চাওয়ার কারণ তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।
লন্ডনে একটি বিলাসবহুল পার্টির ভিডিও নিয়ে বিতর্কের পর ললিত মোদি ক্ষমা চাইলেন। ভিডিওতে তিনি ঋণখেলাপি পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াসহ অন্য একজন পলাতককে নিয়ে মন্তব্য করেছিলেন, “চলো ইন্টারনেটে আবার শোরগোল ফেলে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয়। তোমাকে ভালোবাসি। পলাতক ব্যবসায়ীর সঙ্গে আরও এক পলাতক। আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক।” এই মন্তব্য ঘিরে তোলপাড় তৈরি হয় সামাজিক মাধ্যমে এবং প্রশ্ন ওঠে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়েও।
ভিডিওর জেরে কেন্দ্রের সুরও কড়াভাবে প্রতিক্রিয়া দেখায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল জানিয়েছেন, “আমরা পলাতকদের ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। প্রক্রিয়াটি চালু রয়েছে। তবে এই ধরনের মামলাগুলিতে একাধিক স্তরের আইনি প্রক্রিয়া জড়িত থাকে।”
এই বিতর্কের পরই ললিত সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট দেন। তিনি লিখেছেন, “ভারত সরকারকে আমি সম্মান করি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি এভাবে বলতেই চাইনি। আবার ক্ষমা চাইছি।” এছাড়া তিনি ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়েও দেন। তবে ক্ষমা চাওয়ার কারণ তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।


