আন্তর্জাতিক

ঘণ্টার পর ঘণ্টা সার্ভার বিভ্রাট, দীর্ঘক্ষণ পর স্বস্তি বিশ্ববাসীর

সংস্থাটি জানিয়েছে তারা বিভ্রাটের কারণ খতিয়ে দেখছে।

Truth Of Bengal: মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই থমকে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক ব্যবহারকারী লগ ইন, পোস্ট দিতে পারছিলেন না। এমনকি অ্যাপই খুলছিল না অনেকের। একই সঙ্গে বন্ধ হয়ে যায় একাধিক ওয়েবসাইটও। সমস্যার প্রভাব পড়েছে ভারতেও। সূত্রের খবর, মূলত ওয়েব পরিকাঠামো সংস্থা ক্লাউডফ্লেয়ার-এর সার্ভারে বড়সড় বিভ্রাট দেখা দেওয়ায় এই বিপত্তি ঘটেছে। ক্লাউডফ্লেয়ার সাধারণত ওয়েবসাইট সুরক্ষা, ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও সার্ভার ম্যানেজমেন্ট সামলায়। সেই সার্ভার ডাউন হওয়ায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট একযোগে বন্ধ হয়ে যায়। সংস্থাটি জানিয়েছে তারা বিভ্রাটের কারণ খতিয়ে দেখছে।

ডাউনডিটেক্টর জানাচ্ছে, ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এক্স সংক্রান্ত ১১,৫০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪৭  শতাংশ অভিযোগ এসেছে ফিড না খোলার, ৩০ শতাংশ ওয়েবসাইট কাজ না করার,২৩শতাংশ  সার্ভার সংযোগ সংক্রান্ত সমস্যার।মাত্র ১০ মিনিটে সারা বিশ্ব থেকে প্রায় ১০ হাজার অভিযোগ ওঠে। ব্যবহারকারীদের একাংশ জানিয়েছেন, এক্স অ্যাপ খুলছে না সেইসঙ্গে লগ ইন এবং কোন কিছু পোস্ট করা যাচ্ছে না। ডেস্কটপে ‘সার্ভার এরর’ দেখাচ্ছে।  বহু ওয়েবসাইট লোডই হচ্ছে না।

ক্লাউডফ্লেয়ারের সার্ভার ডাউন হওয়ায় তাদের শেয়ারের দাম ৪.১ শতাংশ কমে যায়।প্রায় ছয় মাস আগেও এক্স একই ধরনের বিশ্বব্যাপী সমস্যায় পড়েছিল। তবে এবারের বিভ্রাট ব্যাপক পরিসরে হওয়ায় উদ্বেগ বেড়েছে।এক্সের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। শেষ পাওয়া খবর অনুসারে, ধীরে ধীরে স্বাভাবিক হয় এক্স সহ বন্ধ থাকা একাধিক ওয়েবসাইট।

Related Articles