বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই কাটা যাবে বেতন! কড়া আইন আনছে তেলেঙ্গানা সরকার
প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।
Truth of Bengal: সরকারি কর্মচারীদের জন্য এক নজিরবিহীন ও কড়া নির্দেশিকা জারি করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সোমবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো সরকারি কর্মী যদি তাঁর বৃদ্ধ বাবা-মায়ের সঠিক দেখাশোনা না করেন, তবে শাস্তিস্বরূপ তাঁর বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।
নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী তাঁর বাবা-মায়ের প্রতি অবহেলা করলে বা তাঁদের ভরণপোষণের দায়িত্ব নিতে অস্বীকার করলে, তাঁর মাসিক বেতনের ১০ শতাংশ অংশ সরাসরি কেটে নেওয়া হবে। ওই অর্থ সংশ্লিষ্ট কর্মীর বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত পাঠিয়ে দেবে প্রশাসন। মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন যে, যদি কোনো প্রবীণ নাগরিক তাঁদের সন্তানদের বিরুদ্ধে যত্নের অভাব নিয়ে অভিযোগ করেন, তবে পুলিশ ও প্রশাসনকে সেই অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখতে হবে।
প্রবীণদের পাশাপাশি রাজ্যের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণেও বড়সড় মানবিক উদ্যোগ নিয়েছে তেলঙ্গানা সরকার। রেবন্ত রেড্ডি জানিয়েছেন, বয়স্কদের জন্য বিশেষ ডে-কেয়ার সেন্টার তৈরি করা হবে, যেখানে তাঁরা নিরাপদ ও সুন্দর পরিবেশ পাবেন। এছাড়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চলাফেরা ও দৈনন্দিন কাজ সহজ করতে বিনামূল্যে মোটরচালিত সাইকেল, ব্যাটারি চালিত হুইলচেয়ার, হিয়ারিং এইড, ল্যাপটপ এবং স্মার্টফোন বিতরণের কাজও শুরু হয়েছে।
এই সামগ্রিক জনকল্যাণমূলক প্রকল্পের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এখানেই শেষ নয়, ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সাধারণ মানুষের জন্য একটি আধুনিক ও উন্নত স্বাস্থ্যনীতি আনার পরিকল্পনাও গ্রহণ করেছে সরকার। রাজ্যের বয়স্ক ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মর্যাদা নিশ্চিত করাই এই নতুন আইনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।






