Syrup Death: বিনামূল্যে বিতরণ করা কাফ সিরাপ খেয়ে ৫ বছরের শিশুর মৃত্যু
অভিযোগ উঠেছে, ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড সিরাপ (dextromethorphan hydrobromide syrup) নামক একটি কাফ সিরাপ খেয়ে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকজনের মৃত্যু হয় (Syrup Death)।
Truth of Bengal: কাফ সিরাপ খেয়ে শিশু অসুস্থতা ও মৃত্যুর অভিযোগ ওঠার পর অবশেষে তদন্তে নামল কেন্দ্রীয় দল। ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোলের (NCDC) একটি কেন্দ্রীয় টিম মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। অভিযোগ উঠেছে, ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড সিরাপ (dextromethorphan hydrobromide syrup) নামক একটি কাফ সিরাপ খেয়ে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকজনের মৃত্যু হয় (Syrup Death)।
সিকারে পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে এই নির্দিষ্ট কাফ সিরাপ খেয়ে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কাফ সিরাপটি রাজস্থান সরকারের বিনামূল্যে ওষুধ বিতরণ প্রকল্পের অধীনে পাওয়া গিয়েছিল। ভরতপুরে একই ধরনের কাফ সিরাপ খেয়ে তিন বছর বয়সী এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। জয়পুরেও একই রকম একটি ঘটনার অভিযোগ দায়ের হয়। রাজস্থান প্রশাসন ২৮ ও ২৯ সেপ্টেম্বর জেলাস্তর থেকে অভিযোগ পাওয়ার পর জয়পুরের একটি সংস্থার তৈরি কাফ সিরাপের নির্দিষ্ট দুটি ব্যাচের ডিস্ট্রিবিউশন অবিলম্বে স্থগিত করে দেয় (Syrup Death)।
শুধু রাজস্থান নয়, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলা থেকেও একই অভিযোগ উঠেছে। সেখানে ওই একই ধরনের সিরাপ খেয়ে গত এক মাসে ছয়জন শিশুর কিডনি সংক্রান্ত সমস্যায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় টিমের মূল লক্ষ্য হলো কাফ সিরাপটির গুণমান (মান) ঠিক রয়েছে কি না, তা খতিয়ে দেখা। সংবাদ মাধ্যম সূত্রের খবর, তদন্তের জন্য ওষুধের একাধিক নমুনা, জলের নমুনা এবং আরও কিছু প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি, কোনো সংক্রমণের জন্য এই গুরুতর বিপদ হয়েছে কি না, তাও বোঝার চেষ্টা চলছে (Syrup Death)।






