দেশ

উত্তর সিকিমে প্রকৃতির তাণ্ডব! তুষারধসে আটকে ৮০০ পর্যটক, উদ্ধারে নামল ভারতীয় সেনা

পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়

Truth of Bengal: প্রবল তুষারপাত ও ভূমিধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। প্রকৃতির এই তাণ্ডবে লাচেন এলাকায় আটকে পড়েছেন প্রায় আটশো পর্যটক। পরিস্থিতি মোকাবিলায় সোমবার সকাল থেকেই কোমর বেঁধে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। বরফ কেটে ও ধস সরিয়ে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটকদের সহায়তার জন্য ৯৯০৭৯৫৬৭০৫ এবং ০৩৫৯২২৮১০০৭— এই দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে প্রশাসন।

গত কয়েক দিন ধরেই সিকিমের আবহাওয়া অত্যন্ত উদ্বেগজনক। অবিরাম বৃষ্টি ও তুষারপাতের ফলে তারামচু এলাকায় চুংথাং-লাচেন সড়কপথের একাংশ ভূমিধসে ধসে গিয়েছে। মাত্র কয়েক মাস আগে নির্মিত রাস্তা ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। রাস্তার একটি অংশ ভেঙে ঝুলে থাকায় পর্যটকদের অসংখ্য গাড়ি সার দিয়ে আটকে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখে উদ্ধারকাজে নামানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসকে। তাদের পাশাপাশি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে।

রবিবার ভোরে ভূমিধসের কারণে লাচেন যাওয়ার একমাত্র মূল পথটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে পর্যটকরা মাঝরাস্তায় আটকা পড়েন। নিরাপত্তার খাতিরে রবিবার রাতে মঙ্গন জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের স্থানীয় হোটেল বা হোমস্টেগুলোতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার সকাল থেকে তাঁদের ডংকিয়া-লা ও লাচুং হয়ে ঘুরপথে গ্যাংটকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ক্রমাগত তুষারপাতের ফলে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, লাচেন-ডংকিয়া লা-লাচুং-গ্যাংটক রুটটি দ্রুত পরিষ্কার করার কাজ চলছে। পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির ওপর ভিত্তি করে ধাপে ধাপে পর্যটকদের নিচে নামিয়ে আনা হবে। আপাতত পর্যটকদের উত্তর সিকিমের এই বিপজ্জনক অংশে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন।

Related Articles