ভোট পিছল জম্মু ও কাশ্মীরে, অনন্তনাগ- রাজৌরির ভোট ২৫ মে
Polling for Anantnag Rajouri Lok Sabha constituency in Jammu and Kashmir has been delayed

The Truth of Bengal: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি লোকসভা কেন্দ্রের ভোট পিছিয়ে গেল। ৭ মের পরিবর্তে ষষ্ঠ দফায় আগামী ২৫ মে এই কেন্দ্রে নির্বাচন হবে। বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এবং পিডিপির মেহবুবা মুফতি। জম্বু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি লোকসভা কেন্দ্রের দিনক্ষণ বদল হল। এই লোকসভা কেন্দ্রের ভোট হওয়ার কথা ছিল তৃতীয় দফায় আগামী ৭ মে । পরিবর্তে ষষ্ঠ দফায় আগামী ২৫ মে এই কেন্দ্রে নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে দিন বদলের কথা ঘোষণা করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনে ভোটের দিন বদল করা হলো। দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের জন্য আরও কিছুটা সময় বেশি হলে ভালো হয়। রাজনৈতিক দলগুলির সেই আবেদনের ভিত্তিতেই এই দিন বদল। তবে কমিশনের এই দাবিকে মানতে নারাজ জম্মু ও কাশ্মীরের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলির নেতা নেত্রীরা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এবং পিডিপির মেহবুবা মুফতি অবশ্য নির্বাচন স্থগিত না করতে অনুরোধ করেছিলেন নির্বাচন কমিশনকে।
ওমর বলেন, “এমন কোনও পদক্ষেপ করা উচিত নয় বলে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম। তৃতীয় দফায় নির্বাচন স্থগিতের দাবি করেনি সব রাজনৈতিক দল। কিছু মানুষ নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন। যদিও তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।” তাঁর প্রশ্ন, “আমি যদি তামিলনাড়ুর কোনও লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছনোর অনুরোধ করি কমিশনকে, তাহলে কী তারা শুনবে?” উল্লেখ্য, অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিঞা আলতাফের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মুফতি স্বয়ং।






