দেশ

ঘৃণাভাষণে প্রধানমন্ত্রীর পদকে কলুষিত করেছেন মোদি, তোপ মনমোহনের

Modi, Tope Manmohaner tainted the post of Prime Minister with hate speech

The Truth Of Bengal : ‘মোদিজির আগে কোনও প্রধানমন্ত্রী জনসমক্ষে এত নিম্নমানের কথা বলেননি। যে কথার মধ্যে ছিল ঘৃণা এবং বিভেদ। মোদিজি প্রধানমন্ত্রীর দফতরের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন।’ দেশবাসীর উদ্দেশে চিঠি লিখে এমনই কথা বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। নরেন্দ্র মোদির মতো এত বেশি ঘৃণাভাষণ আর কোনও প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি বলে তোপ দাগলেন মনমোহন সিং।

আগামী শনিবার দেশজুড়ে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ। তার আগে পাঞ্জাবের ভোটারদের জন্য খোলা চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই চিঠিতেই মোদিকে এমনভাবে সমালোচনা করেছেন মনমোহন। চিঠিতে তিনি লিখেছেন, ‘নির্বাচনী প্রচারে মোদি কীভাবে কথা বলেছেন সেটা খেয়াল করেছি। ঘৃণাভাষণের সবচেয়ে জঘন্যতম পর্যায়ে নেমে গিয়েছেন প্রধানমন্ত্রী। মোদিই হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি জনসভায় এমন জঘন্য ভাষা প্রয়োগ করেছেন। প্রধানমন্ত্রী পদের অবমাননা করেছেন তিনি।‘

কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে মনমোহন চিঠিতে লিখেছেন, ‘পঞ্জাবে ৭৫০ জন চাষির মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর মুখে সেই প্রসঙ্গে কোনও কথা শোনা যায়নি। অথচ আন্দোলনকারীদের তিনি পরজীবী বলে কটাক্ষ করেছেন।’  রাজস্থানের একটি সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছিলেন মোদি। তিনি বলেন, মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।‘ এই প্রসঙ্গে মনমোহন চিঠিতে লেখেন, তিনি কখনই নির্দিষ্ট কোনও সম্প্রদায়কে আলাদা চোখে দেখেননি। শুধু ঘৃণাভাষণ নয়, মোদি সরকারের আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও বর্তমান প্রধানমন্ত্রীকে তোপ দাগেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Related Articles