কিশোরীকে ধর্ষণ করে রাস্তায় ফেলল দুষ্কৃতীরা, চাঞ্চল্য ওড়িশায়
ভুবেনেশ্বরের ক্যাপিটাল হসপিটালে তাঁকে স্থানীয় অটোচালকরা নিয়ে আসেন।
Truth Of Bengal: ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলিতে যে নারী নিরাপত্তা বলে কিছু নেই, তা আরও একবার এলো জনসম্মুখে। এবারের ঘটনাস্থল ওড়িশা। এক কিশোরীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভুবনেশ্বর সহ গোটা রাজ্যে। আপাতত নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। পুলিশের তরফ থেকেও শুরু করা হয়েছে ঘটনার তদন্ত।
জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। কিশোরী যন্ত্রণা নিয়ে রাস্তার ধারে পড়েছিল। ভুবেনেশ্বরের ক্যাপিটাল হসপিটালে তাঁকে স্থানীয় অটোচালকরা নিয়ে আসেন। অবস্থা ভালো নয় দেখে সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি নেওয়া হয়। নির্যাতিতার উপর যে যৌন নির্যাতন হয়েছে, তা স্পষ্ট হয়েছে মেডিকেল রিপোর্ট থেকে। শুধু তাই নয়, চিকিৎসকদের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে আতঙ্কের মধ্যে রয়েছেন কিশোরী এবং কথা বলার মতো অবস্থায় নেই এখন।
কিছু সংবাদমাধ্যমের সাইটে এমনটাও দাবি করা হয়েছে যে কিশোরী একাই হাসপাতালে এসেছিলেন নির্যাতনের পর। এমনকি তাঁকে খাওয়ানো হয়েছে গর্ভনিধরোক পিলও। তবে ধোঁয়াশায় রয়েছে গোটা বিষয়টি। পাশাপাশি, এটাও জানা যায়নি যে নির্যাতিতা কোথাকার বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে নির্যাতিতা ঝাড়খণ্ডের নাগরিক। তদন্তকারীরা তাঁর থেকে কোনও মোবাইল ফোন বা পরিচয়পত্র পাননি। এমনকি কথা পর্যন্ত বলতে পারেননি অবস্থা ভালো না হওয়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। দায়ের করা হয়েছে পকসো আইন ও মেডিকো লিগ্যাল মামলা। নির্যাতিতার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন টুইন সিটির পুলিশ কমিশনার এসদেব দত্ত সিংহ।





