দেশ

Indigo Airlines: টানা দু’দিন ধরে ভয়াবহ অপারেশনাল সংকট! ৩০০-র বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

মঙ্গলবার ইন্ডিগোর 'অন-টাইম পারফরম্যান্স' (যথাসময়ে উড়ান পরিচালনার হার) এক ধাক্কায় মাত্র ৩৫ শতাংশে নেমে এসেছে।

Truth of Bengal: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স টানা দু’দিন ধরে ভয়াবহ অপারেশনাল সংকটের মুখে। এই সমস্যার জেরে দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। যাত্রী পরিষেবা ভেঙে পড়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ইন্ডিগোর ‘অন-টাইম পারফরম্যান্স’ (যথাসময়ে উড়ান পরিচালনার হার) এক ধাক্কায় মাত্র ৩৫ শতাংশে নেমে এসেছে। এর আগের দিন, অর্থাৎ ১ ডিসেম্বরও এই হার ছিল ৪৯.৫ শতাংশ। দেশের সবচেয়ে বড় বিমান সংস্থার এই পারফরম্যান্স কার্যত নজিরবিহীন।

পরিস্থিতি এতটাই খারাপ যে, বুধবার দেশের একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে ২০০টিরও বেশি উড়ান বাতিল করতে হয়েছে ইন্ডিগোকে। বুধবার দুপুর পর্যন্ত কেবল দিল্লিতেই বাতিল হয়েছে ৩৮টি ফ্লাইট। এছাড়া মুম্বই এবং বেঙ্গালুরু মিলিয়ে বাতিল উড়ানের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। হায়দরাবাদ থেকেও বহু বিমান বাতিল হয়েছে। এই ভয়াবহ সংকটের নেপথ্যে রয়েছে তীব্র কর্মী সংকট। শোনা যাচ্ছে, ইন্ডিগো ভয়াবহ রকমের পাইলট এবং অন্যান্য কর্মীর অভাবে ভুগছে।

এছাড়াও, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর জারি করা নতুন ডিউটি সংক্রান্ত নিয়মাবলী সংস্থাটিকে আরও বিপাকে ফেলেছে। ডিজিসিএ-এর এই নতুন নিয়ম অনুযায়ী, পাইলটদের দৈনিক সর্বাধিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৩৫ ঘণ্টা ডিউটি করার অনুমতি রয়েছে। এই কঠোর সময়সীমার কারণে পাইলটের অভাবে বহু বিমানকে গ্রাউন্ড করে দিতে হচ্ছে এবং সময়মতো উড়ান চালানো সম্ভব হচ্ছে না।

পরিস্থিতি সামাল দিতে না পেরে অবশেষে সরকারিভাবে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে বিমান সংস্থাটি। ইন্ডিগো জানিয়েছে, “বেশ কিছু অপারেশনাল এবং প্রযুক্তিগত সমস্যার জন্য আমাদের পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই সমস্যা মেটাতে বহুস্তরীয় বন্দোবস্ত করা হচ্ছে।” যদিও ইন্ডিগোর দাবি, এই পরিষেবা সমস্যার নেপথ্যে পদ্ধতিগত কিছু কারণ রয়েছে, যা দ্রুতই মিটিয়ে ফেলা হবে।

Related Articles