দেশ

দ্বারকা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, মৃত ৭, আহত ১৭

Bus meets with horrific accident on way to Dwarka, 7 dead, 17 injured

Truth Of Bengal: গুজরাতের দাং জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত জন, আহত হয়েছেন আরও ১৭ জন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে ৪টা নাগাদ। জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নাসিক-গুজরাত হাইওয়ে ধরে মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর থেকে গুজরাতের দ্বারকা যাচ্ছিল বাসটি। যাত্রীদের বেশিরভাগই মধ্যপ্রদেশের গুনা, শিবপুরী এবং অশোকনগর জেলার বাসিন্দা, যারা ধর্মীয় তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। কিন্তু দাং জেলার সাপুতারার কাছে আচমকাই বাসটি গভীর খাদে পড়ে যায়।

দাং জেলার ডেপুটি পুলিশ সুপার সুনীল পাতিল জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই জন মহিলা রয়েছেন। এছাড়া ১৭ জন গুরুতর আহত হয়েছেন এবং বাকিরা কমবেশি আঘাত পেয়েছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles