বিনোদন

‘আভাস আগেই পেয়েছিলাম’, টিকিট না পেয়েও দিদির পাশেই কাঞ্চন!

উত্তরপাড়ায় কাঞ্চনের পরিবর্তে ঘাসফুল শিবিরের প্রার্থী হিসেবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে

Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এবারের তালিকায় রাজ চক্রবর্তী, অদিতি মুন্সী বা সোহম চক্রবর্তীর মতো পরিচিত তারকা মুখেরা পুনরায় টিকিট পেলেও, বাদ পড়েছেন উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিক। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হলেও এবার দল তাঁর ওপর আর ভরসা রাখেনি। উত্তরপাড়ায় কাঞ্চনের পরিবর্তে ঘাসফুল শিবিরের প্রার্থী হিসেবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে।

দলীয় টিকিট না পাওয়া নিয়ে কাঞ্চন মল্লিক অবশ্য অত্যন্ত সংযত প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই সিদ্ধান্তের আভাস তিনি আগেই পেয়েছিলেন এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর এ বিষয়ে কথা হয়েছে। টিকিট না পাওয়াকে পুরোপুরি দলীয় সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে অভিনেতা স্পষ্ট করেছেন যে, বিগত পাঁচ বছর তিনি বিধায়ক হিসেবে কাজ করেছেন এবং আগামীতেও দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন।

উল্লেখ্য, গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন কাঞ্চন মল্লিক। হাসপাতালের বিল সংক্রান্ত বিষয় থেকে শুরু করে বিধানসভায় উপস্থিতির হার— বিভিন্ন ইস্যুতে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি স্থানীয় স্তরে দলের কাউন্সিলর এবং নেতাদের একাংশও তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে খবর। বিরোধীরাও বারবার এলাকায় তাঁর অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করত। রাজনৈতিক মহলের ধারণা, এইসব প্রতিকূল পরিস্থিতির কারণেই সম্ভবত এবার তাঁর নাম প্রার্থী তালিকায় রাখা হয়নি।

এবারের নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো সেলিব্রিটি মুখকে সামনে না এনে বরং সাংগঠনিক শক্তির ওপরই বেশি জোর দিয়েছেন। নির্বাচনের আগে ইমন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় বা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকাদের নাম নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় তেমন কোনো চমক দেখা যায়নি। রাজ বা অদিতির মতো পুরনো এবং পরীক্ষিত তারকাদের ওপর ভরসা রেখেই ছাব্বিশের লড়াইয়ে নামছে শাসকদল।

Related Articles