বিনোদন

ফের বিপাকে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা, সোনা কেলেঙ্কারিতে নাম জড়াল তারকা দম্পতির

The name of the star couple is involved in the gold scam

The Truth of Bengal: ফের আইনি বিতর্কে জড়ালেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন বুলিয়ন ব্যবসায়ী পৃথ্বীরাজ কোঠারি। ইতিমধ্যে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। মুম্বই দায়রা আদালত বলিউড দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রের খবর, শিল্পা ও রাজ সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড  নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। ২০১৪ সালে সংশ্লিষ্ট কোম্পানির অধীনে তাঁরা একটি স্কিম শুরু করেন।

যেখানে বলা হয়, সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীরা বড় অঙ্কের লাভ পাবেন। শুধু তাই নয়, মেয়াদ শেষে সোনার বাজারমূল্য বাড়ুক বা কমুক, যাই হোক না কেন, সেই টাকাতেই সোনা ফেরত দেওয়া হবে। অভিযোগ, মূলত শিল্পা, রাজ ও তাঁদের সহযোগীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই আর পাঁচজনের মতো তিনিও এই স্কিমে বিনিয়োগ করেছিলেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে বেঁকে বসে রাজ-শিল্পার সংস্থা।

প্রায় নব্বই লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে বলে দাবি করেছেন কোঠারি।এই স্কিম অনুসারে ২০১৯ সালের ২ এপ্রিল ৫ বছর পূর্ণ হলে তাঁকে ৫০০০ গ্রাম ২৪-ক্যারেট সোনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।সমস্ত জরুরি নথিতে শিল্পা ও রাজের স্বাক্ষর রয়েছে। বিচারক এনপি মেহতা বান্দ্রা কুরলা কমপ্লেক্সকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে শিল্পা-রাজের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles