প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক আরিয়ান
ভিডিওতে দেখা যায়, জাতীয় পুরস্কার ঘোষণার সরাসরি সম্প্রচার পরিবারের সঙ্গে বসে দেখছিলেন কার্তিক।
Truth of Bengal: প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের আনন্দে আবেগপ্রবণ হয়ে পড়লেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয়ের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন তিনি। নিজের নাম ঘোষণার মুহূর্তে পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। ভিডিওতে দেখা যায়, জাতীয় পুরস্কার ঘোষণার সরাসরি সম্প্রচার পরিবারের সঙ্গে বসে দেখছিলেন কার্তিক। সেরা অভিনেতা হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই আনন্দে চিৎকার করে ওঠেন তিনি। মুহূর্তের মধ্যেই বাবা-মাকে জড়িয়ে ধরেন অভিনেতা। আবেগঘন সেই উদ্যাপনের সময় তাঁর মা ছেলেকে আদরে গালে চুম্বনও করেন।
ভিডিওটি পোস্ট করে কার্তিক লেখেন, এখনও যেন বিশ্বাস করতে পারছি না। কিছু মুহূর্ত কথার চেয়েও বড়, আর এটা ঠিক তেমনই একটি মুহূর্ত। বহু বছর ধরে যে স্বপ্ন দেখেছি, তা আজ সত্যি হল। চিরকাল কৃতজ্ঞ এবং বিনম্র থাকব। সেরা অভিনেতার জাতীয় পুরস্কার— ‘চন্দু চ্যাম্পিয়ন’। ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি লেখেন, স্বপ্ন সত্যিই সত্যি হয়। শনিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন মালয়ালম ছবি ‘ব্রহ্মযুগম’-এর জন্য অভিনেতা ম্যামুটি এবং হিন্দি ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য কার্তিক আরিয়ান।
২০২৪ সালে কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র পর্ষদের (সেন্সর বোর্ড) ছাড়পত্র পাওয়া ছবিগুলির মধ্য থেকে জাতীয় জুরি বোর্ডের বিচারকদের নির্বাচনের ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। কার্তিকের কেরিয়ারে এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তাঁর অভিনয় জীবনের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।






