বিনোদন

Govinda: ধর্মেন্দ্রর পর এবার গোবিন্দা, হঠাৎ অসুস্থ বলিউড অভিনেতা

অভিনেতার ম্যানেজার শশী সিনহা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, বাড়িতে জ্ঞান হারানোর পরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Truth of Bengal: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতার খবরের মাঝেই এবার এল আরও একটি উদ্বেগজনক খবর। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হলো বলিউড অভিনেতা গোবিন্দাকে। বুধবার সকালে মুম্বইয়ের জুহুর ক্রিটিকেয়ার এশিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। অভিনেতার ম্যানেজার শশী সিনহা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, বাড়িতে জ্ঞান হারানোর পরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ৬১ বছর বয়সী এই অভিনেতাকে নিউরোলজিস্টের কাছে রেফার করা হয়েছে। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা।

গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, অভিনেতাকে বর্তমানে পর্যবেক্ষণে (অবজারভেশন) রাখা হয়েছে এবং একাধিক প্রয়োজনীয় টেস্ট করা হয়েছে। তিনি বলেন, “প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল এবং মাথা ভার হয়েছিল। সেই কারণে তাঁকে একজন নিউরোলজিস্টকে দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে। প্রতি মুহূর্তে চিকিৎসকেরা তাঁকে দেখছেন। টেস্টের রিপোর্ট এলে সবটা পরিষ্কার জানা যাবে।”

‘ইন্ডিয়া টুডে’-এর রিপোর্ট অনুযায়ী, অভিনেতার বন্ধু এবং আইনি পরামর্শদাতা ললিত বিন্দাল জানিয়েছেন, প্রথমে পারিবারিক ডাক্তারের পরামর্শে গোবিন্দা টেলিফোনে কিছু ওষুধ খেয়েছিলেন। কিন্তু অবস্থার অবনতি ঘটলে রাত ১টায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। উল্লেখ্য, মঙ্গলবারই গোবিন্দা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন।

গত এক বছরের মধ্যে এটি নিয়ে দ্বিতীয়বার গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করানো হলো। এর আগে অভিনেতার পায়ে আঘাত লেগেছিল এবং গুলি বের করার জন্য আইসিইউতে এক ঘণ্টার অস্ত্রোপচারও করা হয়েছিল। অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

Related Articles