খেলাবিনোদন

ব্যক্তিগত ঝড় সামলে মাঠে ফিরলেও জল্পনা থামছে না! পলাশের প্রোফাইল থেকে উধাও স্মৃতির ছবি

রবিবার, পলাশ মুচ্ছলের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখতেই অনুরাগীদের নজরে আসে বড় পরিবর্তন।

Truth Of Bengal: বিয়ে ভাঙার পর ব্যক্তিগত জীবনের ঝড় সামলে ফের ক্রিকেট মাঠে দুর্দান্ত ছন্দে ফিরেছেন স্মৃতি মান্ধানা। মহিলা প্রিমিয়ার লিগে তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে। মাঠের এই সাফল্যের মাঝেই ফের আলোচনায় উঠে এল স্মৃতি ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সম্পর্ক।

রবিবার, পলাশ মুচ্ছলের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখতেই অনুরাগীদের নজরে আসে বড় পরিবর্তন। স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন তিনি। বর্তমানে পলাশের প্রোফাইলে শুধু তাঁর জন্মদিনের একটি ভিডিও দেখা যাচ্ছে, যেখানে উপস্থিত ছিলেন সোনু নিগম ও স্মৃতি মান্ধানা। উল্লেখ্য, স্মৃতি এর আগেই পলাশের সঙ্গে নিজের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন। পাশাপাশি দু’জনেই একে অপরকে আনফলো করেছেন।যদিও এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত স্মৃতি মান্ধানা বা পলাশ মুচ্ছল—কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তাঁদের তরফে বা টিমের তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে, সম্প্রতি স্মৃতি মান্ধানার এক বন্ধু বিদ্যান মানে একটি সাক্ষাৎকারে পলাশ মুচ্ছলকে ঘিরে গুরুতর অভিযোগ করেন। তাঁর দাবি, বিয়ের অনুষ্ঠানের দিন পলাশ অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। এই ঘটনার জেরেই নাকি অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যায়। যদিও এই অভিযোগগুলি এখনও যাচাই হয়নি এবং পলাশ মুচ্ছল আগেই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।এই প্রেক্ষিতেই অনেকের ধারণা, বিতর্ক এবং চাপের কারণেই পলাশ স্মৃতির সঙ্গে সম্পর্কিত সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন। তবে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।পাঁচ বছরের সম্পর্ক, আসন্ন বিয়ে—সবকিছু ভেঙে যাওয়ার কারণ এখনও ধোঁয়াশায়। ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও, মাঠে নিজের কাজ দিয়েই জবাব দিচ্ছেন স্মৃতি মান্ধানা। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় পলাশের এই ‘ডিজিটাল ক্লিন-আপ’ তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়াল বলেই মনে করছেন অনেকে।

 

Related Articles