শিক্ষা

১ সেপ্টেম্বর থেকে শুরু ডিএলএড পার্ট ওয়ান পরীক্ষা

D.EL.ED Exam

The Truth of Bengal, Mou Basu: আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএডের পার্ট ওয়ান পরীক্ষা শুরু হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। ১, ২, ৪, ৭ ও ৮ সেপ্টেম্বর বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম দিন চাইল্ড স্টাডিজ, দ্বিতীয় দিন প্রথম ভাষা (বাংলা, উর্দু, হিন্দি, নেপালি, সাঁওতালি),  তৃতীয় দিন ইংরেজি, চতুর্থ দিন পরিবেশ বিজ্ঞান ও শেষ দিন গণিতের পরীক্ষা হবে।

২৮ আগস্ট থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাডমিট কার্ড পাবেন। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অবশ্যই সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড ও ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের মতো বৈধ পরিচয়পত্র। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রের ১০০ গজের মধ্যে কোনো অভিভাবক বা বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না।

প্রয়োজনে শারীরিক বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীরা ‘রাইটার’ ব্যবহারের অনুমতি পাবেন। পরীক্ষা কেন্দ্রে বই, খাতা, মোবাইল ফোন, বৈদ্যুতিক ক্যালুকুলেটর, পেজার, ডিজিটাল ডায়েরির মতো বৈদ্যুতিক গ্যাজেটস নিয়ে ঢুকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। আসল অ্যাডমিট কার্ড আর বৈধ পরিচয়পত্র সঙ্গে না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষকরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু সেন্টার সুপারিন্টেন্ডেন্ট, ভেন্যু ইন চার্জ আর অবজারভাররা মোবাইল ফোন রাখতে পারবেন।

Related Articles