দুর্গাপুজো ২০২৪

লক্ষীর ভান্ডারের টাকা জমিয়ে দুর্গাপূজা শুরু করলেন ৫৭ জন মহিলা

57 women started Durga Puja by collecting money from Laksh's treasure

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নারী কল্যাণ প্রকল্প লক্ষীর ভান্ডারের টাকা জমিয়ে দুর্গাপূজা শুরু করলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকা নগর নতুন পাড়া এলাকার নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৫৭ জন মহিলা। করোনা মহামারীর সময়ে ওই এলাকার স্থানীয় মহিলারা পাড়ায় দূর্গা পূজা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ইচ্ছা থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা স্থানীয় মহিলারা অর্থাভাবে নিজেদের পাড়ায় দুর্গাপূজা শুরু করতে পারছিলেন না। এরপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি হওয়ার পর আশার আলো দেখতে পান তাঁরা।

লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রতিমাসের সেই হাজার টাকা জমাতে শুরু করেন এলাকারই ৫৭ জন মহিলা। জমানো সেই টাকা দিয়ে এ বছর পাড়ায় দুর্গাপূজা করার সিদ্ধান্ত নেন তাঁরা। সেইমত পুজোর প্রস্তুতি শুরু করে দেন মহিলা পরিচালিত নারী শক্তি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে যেকোনো পরিস্থিতিতে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ।

এ প্রসঙ্গে নতুনপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তথা পূজা কমিটির অন্যতম উদ্যোক্তা মিতা সাহা জানান, পাড়ায় মহিলারা মিলে দুর্গাপূজা করার ইচ্ছা আমাদের অনেকদিনের। কিন্তু বাধ সেধেছিল আর্থিক অনটন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি হওয়ার ফলে আমরা আশার আলো দেখতে পাই।প্রতিমাসে সেই হাজার টাকা জমিয়ে পাড়ার ৫৭ জন মহিলা মিলে এই বছর আমরা দুর্গাপূজা করার সিদ্ধান্ত নেই। সেইমতো পূজার প্রস্তুতি শুরু হয়েছে।

দূর্গা পূজার আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন পাড়ার অন্যান্য বাসিন্দারা। একদিকে লক্ষ্মী ভান্ডারের জমানো টাকা অন্যদিকে এলাকাবাসীদের সহযোগিতা পেয়ে আমরা এবছর থেকে দুর্গাপূজা শুরু করলাম। অন্যান্য ক্লাব বা সংগঠনের মত আগামী দিনে সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা পেলে আমরা দূর্গা পূজার পাশাপাশি কিছু সামাজিক কাজও করতে পারব। লক্ষীর ভান্ডার প্রকল্প আমাদের দীর্ঘদিনের স্বপ্ন সফল করেছে। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান, লক্ষীর ভান্ডারের জমানো অর্থে দুর্গাপূজা করার প্রস্তাব নিয়ে ওয়ার্ড কাউন্সিলরের ওরা আমার কাছে এসেছিল। আমি ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এবং আমি খুব আনন্দিত হয়েছি। প্রয়োজন বিশেষে লক্ষী ভান্ডারের এই অনুদান যে কতটা গুরুত্বপূর্ণ তা পূজা উদ্যোক্তা ৫৭ জন মহিলার মাধ্যমে আজ আবার প্রমাণিত হলো। এটা সম্ভব হয়েছে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার কারণে। এই পূজা চালাতে আগামী দিনে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে ওরা সব রকম সহযোগিতা পাবে।

Related Articles