কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ফেরিওয়ালার
A hawker died tragically in an accident on his way home from work
The Truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বুধবার সন্ধ্যা নাগাদ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় তিনি একজন ফেরিওয়ালা ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কুলিগাড়িয়ার কাছে।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বরুণ দেবনাথ, বয়স ২৫ বছর, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার গোকুলপুর গ্রামে। এদিন কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে দিন দাঁতনের দিক থেকে বেলদার দিকে আসার সময় পেছন থেকে কোন এক মোটরবাইক সামনে থাকা একটি কন্টেনার গাড়িকে ওভারটেক করতে গেলে সাইকেলে করে রাস্তার ধারে যাওয়া ওই ফেরিওয়ালাকে ধাক্কা লাগে। যার ফলে ঘটে দুর্ঘটনা।
এরপর স্থানীয়রা তড়িঘড়ি করে আহতকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য সংগ্রহ করেছে বেলদা থানার পুলিশ। তবে হাইরোড এর উপর বারবার এই ধরনের এক্সিডেন্টের ঘটনা ঘটায় বাড়িতে পুলিশি নিরাপত্তা থাকলে প্রবণতা কমবে বলে জানা গিয়েছে।






