The Truth Of Bengal : বৃহস্পতিবার জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু। তবে গতকাল জামিন পেলেও তিনি জেলমুক্ত হতে পারেননি। আজ শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি। জামিনের বন্ড হিসাবে কেজরিওয়ালকে দিতে হবে এক লক্ষ টাকা। নিম্ন আদালতের এই রায়ের বিরোধিতা করে আজ দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। পরে তাঁকে পাঠানো হয় তিহার জেলে। ইডি-র গ্রেফতারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। পরে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই রাজি হয়নি। ফলে মেয়াদ শেষ হতেই ২ জুন আত্মসমর্পণ করতে বাধ্য হন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জামিন পান কেজরিওয়াল। খুশি আপ কর্মী-সমর্থকরা। কেজরি জামিন পেতেই দলের তরফে সামাজিক মাধ্যমে লেখা হয়, ‘সত্যমেব জয়তে’।
বৃহস্পতিবার কেজরিওয়ালের আইনজীবী আদালতে দাবি করেন, আবগারি দুর্নীতি মামলায় আপ সুপ্রিমোর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই ইডি-র হাতে। মামলায় যাঁরা রাজসাক্ষী হয়েছেন, তাঁদের বয়ানের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে মামলাটি। নিম্ন আদালতের এই রায়ের ওপর ৪৮ ঘণ্টার জন্য স্থগিতাদেশ চেয়েছিল ইডি। যদিও সেই আবেদন মানেননি বিচারক। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ জামিনের রায় দেন বিচারক।
দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। তিনিই দেশের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হন। কোনও ফাইলে সই না করতে পারলেও তিনি জেলে বসেই সরকার পরিচালনা করেছেন।






