জঙ্গলে মিলল ঝুলন্ত দেহ! ভোটের মাঝে ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা

The Truth Of Bengal,পশ্চিম বর্ধমান, দুর্গাপুর: গ্রীষ্মের তপ্ত দুপুরে হঠাৎ চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। চাঞ্চল্য ছড়ালো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে। দুর্গাপুর এন আই টি সংলগ্ন ৭ নম্বর গেটের জঙ্গল থেকে ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা প্রথমে পচা গন্ধ পান। তারপর খোঁজ করে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ দেখতে পান তারা।
রীতিমত এই ঘটনা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। সেখানকারই স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি শুনতে পান কিছু মানুষের চিৎকার। স্থানীয় কিছু রাখাল প্রথমে দেহটি দেখতে পান গাছে ঝুলন্ত অবস্থায়। তারপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এসে দেহটি দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
কিভাবে তার দেহ এখানে এলো, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা খুব আতঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুন নাকি আত্মহত্যা, এ বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।






