রেশনের প্যাকেটে প্রধানমন্ত্রীর ছবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ডিলার্স ফেডারেশনের
Prime Minister's photo on ration packets

The Truth of Bengal: রেশনের প্যাকেটে প্রধানমন্ত্রীর ছবি। লোকসভা ভোটের আগে নয়া নির্দেশ কেন্দ্রের। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের ব্যানার নিয়ে নির্দেশ। ভোটের প্রচারের উদ্দেশ্যে রেশনিং ব্যবস্থাকে ব্যবহার করছে কেন্দ্র। বাংলার ৭হাজার কোটি টাকা আটকে রাখার অভিযোগ। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিকে প্রধানমন্ত্রীর ছবি, ব্যানার টাঙানোর নির্দেশিকা পাঠালেও, তাতে রাজি নয় বিরোধী শাসিত রাজ্যগুলি।
রাজ্য প্রশাসনের পাশে রয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের রেশন দোকানগুলিকে আমরা কোনও রাজনৈতিক দলের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করতে দেব না। আমি জানি, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রদেয় রাজ্যের ৭,০০০ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে।
এভাবে টাকা আটকে রেখে আমাদের দিয়ে জোর করে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে বাধ্য করা যাবে না। তেমন চেষ্টা করলে দেশজুড়ে আমরা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।” অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, রেশন দোকান এবং রেশন ব্যবস্থাকে কোনও একটি রাজনৈতিক দলের প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। প্রয়োজনে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ফেডারেশন।



