আর বিরোধী দলনেতা থাকলেন না ঋতব্রত, ১০ দিনের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতার স্বীকৃতি বাতিল! শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলায় বড় রায় বিচারপতি কৃষ্ণ রাওয়ের!
Truth of Bengal: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত বিষয়ে স্পিকারের নেওয়া সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার দুপুর ৩টেয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ রায় ঘোষণা করে স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন; এদিন উচ্চ আদালত সেই সিদ্ধান্তই বাতিল করে দিল।
মামলার প্রেক্ষাপটে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের স্বীকৃতি পায় তৃণমূল। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়ে গত ৯ মে স্পিকারকে চিঠি দেন বলে দাবি। অভিযোগ, সেই চিঠির ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়নি এবং পরবর্তীতে ওই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালের অভিযোগ ওঠে। ১ জুন দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়, কিন্তু ৩ জুন বিক্ষুব্ধ বিধায়কদের চিঠির ভিত্তিতে বহিষ্কৃত ঋতব্রতকেই বিরোধী দলনেতা ঘোষণা করেন স্পিকার। এর বিরুদ্ধেই আদালতে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়।
শুনানি পর্বে বিচারপতি কৃষ্ণ রাও একাধিক তীক্ষ্ণ প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, ৭৮ জনের দাবি উপেক্ষা করে ৫৪ বা ৫৬ জন বিধায়কের বক্তব্যকে কেন গুরুত্ব দেওয়া হল, বিরোধী পক্ষের বক্তব্য কেন শোনা হল না এবং রাজনৈতিক দলের সংবিধান ও সিদ্ধান্তকে স্পিকার এড়িয়ে যেতে পারেন কি না। রাজ্যের তরফে সময়সূচি, স্পিকারের দায়িত্ব গ্রহণ ও অভিযোগ সংক্রান্ত যুক্তি দেওয়া হলেও বিচারপতি তাতে সন্তুষ্ট হননি।
উল্লেখ্য, এর আগে ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠায় এবং স্পষ্ট পর্যবেক্ষণে জানায়, দায়িত্ব পালনের সময় স্পিকারকে নিরপেক্ষ থাকতে হবে এবং বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক নিয়োগে কেবল বিধায়কদের সংখ্যাই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তও বিবেচনা করতে হবে। হাইকোর্টের আজকের নির্দেশের পর আগামী ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।






