গোপনে আইনি বিয়ে, এবার সামনে এল মিমির বিয়ের এলাহি মেনু! কী কী ছিল?
কৌতূহলে নতুন মাত্রা যোগ করল বিয়ের ভুরিভোজের মেনু
Truth of Bengal: মিস থেকে মিসেস! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত ২৬ নভেম্বর সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী। যদিও বিয়ের খবর নিয়ে চারদিকে চর্চা চললেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের মতোই নীরব ছিলেন মিমি। গোপনীয়তা বজায় রেখেই সেরেছেন আইনি বিয়ের অনুষ্ঠান। কিন্তু প্রিয় অভিনেত্রীর বিয়ে বলে কথা! তাঁর সাজপোশাক থেকে শুরু করে বিয়ের আয়োজন, সবকিছু নিয়েই অনুরাগীদের কৌতূহলের শেষ ছিল না। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করল বিয়ের ভুরিভোজের মেনু। দুই রাঁধুনির সৌজন্যে প্রকাশ্যে এল মিমি-সিদ্ধার্থের বিয়ের পাতের একগুচ্ছ সুস্বাদু পদ।
সেলিব্রিটির বিয়ে মানেই আয়োজনের কোনও খামতি থাকবে না, সেটাই স্বাভাবিক। মিমির বিয়েতেও অতিথিদের আপ্যায়নে ছিল হরেক রকমের পদ। অনুষ্ঠানে উপস্থিত দুই মহিলা রাঁধুনি সংবাদমাধ্যমের সামনে একে একে জানিয়ে দেন খাবারের তালিকা। শুরুতেই ছিল ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এবং ফিশ বল। বাঙালির পছন্দের কচুরি, রাধাবল্লভী, ছোলার ডালও ছিল মেনুতে। পাশাপাশি ছিল পনির, আলুর দম এবং ছানার কোপ্তা। মূল খাবারের তালিকায় জায়গা করে নিয়েছিল ফ্রায়েড রাইস, কাতলা মাছ, চিকেন এবং মটন। আর শেষ পাতে রসগোল্লা, সন্দেশের পাশাপাশি ছিল আইসক্রিম। সব মিলিয়ে নিরামিষ থেকে আমিষ, মিষ্টিমুখেরও ছিল জমজমাট ব্যবস্থা।
আইনি বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর সিদ্ধার্থের সঙ্গে বেশ কিছু আদুরে মুহূর্তও ভাগ করে নিয়েছেন মিমি। নতুন পরিবারের সদস্যদের কাছ থেকেও পেয়েছেন প্রশংসা ও ভালোবাসা। শ্বশুরবাড়ির একাধিক সদস্য নববধূর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। অন্যদিকে, মিমির পিসি ও পিসেমশাই নতুন জামাই সিদ্ধার্থকে ‘হ্যান্ডসাম’ বলেও প্রশংসা করেন। বাগদান ও আইনি বিয়ের পর নিজের প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে গাড়িতে বাড়ির উদ্দেশে রওনা দেন অভিনেত্রী। যাওয়ার আগে সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি। তাঁদের অনুরোধে ক্যামেরার সামনে নিজের বিয়ের আংটিও তুলে ধরেন মিমি।




