কলকাতা

সড়ক নির্মাণে নতুন দিশা, পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ রাজ্যের! ২০ বছরের জন্য আইএইচই-র সঙ্গে চুক্তি নবান্নের

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য কলকাতার আরবিআরআই-কে সড়ক নির্মাণ, মহাসড়ক উন্নয়ন এবং পরিবহণ পরিকাঠামো সংক্রান্ত প্রশিক্ষণের উৎকর্ষ কেন্দ্রে পরিণত করা

জ্যোতির্ময় দত্ত, নবান্ন: রাজ্যের সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক, বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। সড়ক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এই ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পেশাদার প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিতে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ হাইওয়ে ইঞ্জিনিয়ার্সের (আইএইচই) সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল রাজ্য। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর নবান্ন সভাঘরে এই মর্মে একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মেয়াদ ২০ বছর। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রাজ্য সরকারের পূর্ত দফতরের অধীন রোড অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (আরবিআরআই) মাধ্যমে এই উদ্যোগ কার্যকর করা হবে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য কলকাতার আরবিআরআই-কে সড়ক নির্মাণ, মহাসড়ক উন্নয়ন এবং পরিবহণ পরিকাঠামো সংক্রান্ত প্রশিক্ষণের উৎকর্ষ কেন্দ্রে পরিণত করা। সড়ক নির্মাণের গুণগত মান বজায় রাখা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, পরিকল্পনা এবং রক্ষণাবেক্ষণ—বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়া হবে। এই উদ্যোগে আইএইচই-র ভূমিকা হবে মূলত প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সংক্রান্ত। সংস্থাটি আরবিআরআই-কে বিশেষজ্ঞ প্রশিক্ষক, আধুনিক পাঠ্যক্রম, পেশাদার প্রশিক্ষণ এবং শংসাপত্র প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করবে। ফলে সড়ক নির্মাণ ও সংশ্লিষ্ট পরিকাঠামো ক্ষেত্রে যুক্ত আধিকারিক এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই দীর্ঘমেয়াদি চুক্তি হলেও আরবিআরআই পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই থাকবে। অর্থাৎ, রাজ্যের নিজস্ব প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েই প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উৎকর্ষের পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগের উন্নয়ন যে কোনও রাজ্যের শিল্প, বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। সেই দিক থেকে এই চুক্তিকে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে দক্ষ প্রযুক্তিবিদ ও প্রশিক্ষিত কর্মী তৈরির পাশাপাশি সড়ক নির্মাণের মানোন্নয়নেও এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।

Related Articles