কলকাতা

বাংলার যোগাযোগ ব্যবস্থায় বড় বদলের পরিকল্পনা, দক্ষিণেশ্বর-বেলুড় ও দার্জিলিংয়ে রোপওয়ে তৈরির ভাবনা কেন্দ্রের

একইসঙ্গে আগামী তিন বছরের মধ্যে বাংলার সড়ক পরিকাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে

জ্যোতির্ময় দত্ত, নবান্ন: সড়ক যোগাযোগের উন্নয়নের পাশাপাশি এবার বিকল্প পরিবহণ ব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দিতে চলেছে কেন্দ্র ও রাজ্য। দক্ষিণেশ্বর থেকে বেলুড় এবং কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের মধ্যে রোপওয়ে চালুর পরিকল্পনা ঘিরে নতুন করে আশার আলো দেখছে পর্যটন ও পরিবহণ মহল। একইসঙ্গে আগামী তিন বছরের মধ্যে বাংলার সড়ক পরিকাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। এই সমস্ত প্রকল্পের রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নবান্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, হোম সেক্রেটারি-সহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে কীভাবে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

বৈঠকে আগামী তিন বছরের মধ্যে রাজ্যের রাস্তার পরিকাঠামো উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্ধারিত মান বজায় রেখে রাস্তা নির্মাণ ও সংস্কারের উপরে জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কলকাতা থেকে জেলা, শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সর্বত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। বিশেষ করে রাজ্যের যে সমস্ত রাস্তার অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ, সেগুলির ক্ষেত্রে আর দেরি না করে দ্রুত সাময়িক মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু গর্ত বুজিয়ে বা সাময়িক সংস্কার করে দায় সারতে চাইছে না কেন্দ্র। আগামী তিন বছরের মধ্যে রাস্তার সমস্যার স্থায়ী সমাধান করে উন্নত মানের সড়ক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে সড়ক নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেতে চলেছে। তবে বৈঠকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে রোপওয়ে প্রকল্পের পরিকল্পনা। দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের মধ্যে রোপওয়ে চালু করা গেলে দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রের মধ্যে যাতায়াত আরও সহজ হতে পারে। গঙ্গার দুই তীরের এই দুই স্থানকে বিকল্প পরিবহণ ব্যবস্থায় যুক্ত করার ভাবনা পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

অন্যদিকে, পাহাড়ের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিশা দেখাতে পারে কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে প্রকল্প। পাহাড়ি পথে যানজট, পর্যটকদের যাতায়াতের সমস্যা এবং পরিবহণের বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। রোপওয়ে বাস্তবায়িত হলে পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াতেও সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই দুই প্রকল্পের চূড়ান্ত রূপরেখা, ব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা এখনও স্পষ্ট নয়। প্রশাসনিক মহলের মতে, বাংলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শুধু জাতীয় ও রাজ্য সড়কের উপর নির্ভর না করে বিকল্প পরিবহণ পরিকাঠামো তৈরির ভাবনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে পর্যটনকেন্দ্রগুলিকে দ্রুত ও সহজে যুক্ত করা গেলে স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। সব মিলিয়ে নবান্নের এই বৈঠক থেকে বাংলার পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। একদিকে বেহাল রাস্তার স্থায়ী সংস্কার, অন্যদিকে রোপওয়ের মতো বিকল্প যোগাযোগ ব্যবস্থা—দুই দিকেই এগোতে চাইছে কেন্দ্র ও রাজ্য। এখন দেখার, বৈঠকে আলোচিত এই পরিকল্পনাগুলি কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয় এবং আগামী তিন বছরে বাংলার যোগাযোগ ব্যবস্থার চেহারা কতটা বদলায়।

Related Articles