ডিলিমিটেশন বিলে মোদি সরকারের পাশে শরদ পওয়ার? সমর্থনের ইঙ্গিত সুপ্রিয়া সুলের
বিরোধী শিবিরে থাকলেও সরকারের প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা করা জরুরি নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিয়া।
Truth of Bengal: ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বড় রাজনৈতিক ইঙ্গিত দিল শরদ পওয়ারের এনসিপি। দেশের স্বার্থে হলে কেন্দ্রের প্রস্তাবিত বিলকে সমর্থন করতে আপত্তি নেই বলে জানালেন দলের সাংসদ সুপ্রিয়া সুলে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিলের কপি খতিয়ে দেখতে চান তিনি।
বিরোধী শিবিরে থাকলেও সরকারের প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা করা জরুরি নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিয়া। তাঁর বক্তব্য, অতীতেও জিএসটি এবং মহিলা সংরক্ষণ আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শাসক ও বিরোধীরা একসঙ্গে কাজ করেছে। পহেলগাঁও জঙ্গি হামলার পরেও শরদ পওয়ার প্রথম কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। তবে বিলটি দেশের স্বার্থে কি না, তা যাচাই করেই সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্পষ্ট করেছেন সুপ্রিয়া।
শরদ শিবিরের এই অবস্থানকে মোদি সরকারের কাছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি বলে মনে করা হচ্ছে। কারণ, সংবিধান সংশোধন করে ডিলিমিটেশন বিল পাশ করাতে সংসদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। লোকসভায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করাই এখন কেন্দ্রের বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, আগের ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৪টি ভোট পড়েছিল, যা প্রয়োজনীয় সংখ্যার তুলনায় কম। বর্তমানে এনডিএর শক্তি বাড়লেও কাঙ্ক্ষিত সংখ্যায় পৌঁছতে আরও সাংসদের সমর্থন প্রয়োজন। সেই পরিস্থিতিতে শরদ পওয়ারের দলের আট সাংসদের সম্ভাব্য সমর্থন বিজেপির কাছে তাৎপর্যপূর্ণ হতে পারে। পাশাপাশি অন্যান্য বিরোধী দলের সঙ্গেও সমর্থন আদায়ের আলোচনা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।






