সরষের তেল-চিনির দাম কমাতেই হবে, ব্যবসায়ীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
শুধু প্রশাসনিক নজরদারি নয়, ব্যবসায়ী সংগঠনগুলিকেও বাজারদর নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
জ্যোতির্ময় দত্ত, নবান্ন: রান্নার তেল থেকে চিনি, আলু থেকে শাকসবজি—নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। বাজারে মূল্যবৃদ্ধির এই প্রবণতায় লাগাম টানতে এবার সরাসরি মাঠে নামল রাজ্য সরকার। শুধু প্রশাসনিক নজরদারি নয়, ব্যবসায়ী সংগঠনগুলিকেও বাজারদর নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে সরষের তেল ও চিনির দাম কমানোর বিষয়ে কোনওরকম শিথিলতা চান না তিনি। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কৃষি ও কৃষি বিপণন-সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কোন পণ্যের দাম কেন বাড়ছে, বাজারে সরবরাহের পরিস্থিতি কী এবং কীভাবে সাধারণ ক্রেতাদের স্বস্তি দেওয়া যায়, সেই বিষয়গুলিই আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠক সূত্রে খবর, সরষের তেল ও চিনির ক্রমবর্ধমান দাম নিয়ে বিশেষ অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই দুই পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি আলু, শাকসবজি-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদরের উপরও নিয়মিত নজরদারির কথা বলেন। সরকারের তরফে ব্যবসায়ীদের সহযোগিতা করা হচ্ছে, তাই বাজার নিয়ন্ত্রণেও তাঁদের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি মোকাবিলায় এবার নিয়মিত বৈঠকের ব্যবস্থাও চালু করতে চাইছে নবান্ন। প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি সোমবার ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সপ্তাহে অন্তত একদিন বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। শুধু বৈঠক করেই দায়িত্ব শেষ নয়, আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কতটা কার্যকর হল, তারও পর্যালোচনা করতে হবে বলে প্রশাসনিক মহলে ইঙ্গিত মিলেছে।
প্রশাসনিক সমন্বয় আরও দ্রুত করতে সচিব পর্যায়ে একটি পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে বাজারদর, পণ্যের সরবরাহ এবং কোথাও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠলে দ্রুত তথ্য আদানপ্রদান করা সম্ভব হবে বলে মনে করছে নবান্ন। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ঘাটতি যাতে পরিস্থিতি মোকাবিলায় বাধা না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তাও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বুঝিয়ে দিয়েছেন, সরকার এবং ব্যবসায়ী মহলকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁর বক্তব্য, সরকার ব্যবসায়ীদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করছে। বিনিময়ে বাজারদর নিয়ন্ত্রণে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৈঠকে তিনি বলেন, “আপনাদের আমরা সহযোগিতা করি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।”
বস্তুত, নিত্যপণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের মাসিক বাজেটে। বিশেষ করে রান্নার তেল, চিনি, আলুর মতো প্রতিদিনের ব্যবহারের সামগ্রীর দাম বাড়লে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে ওঠে। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো এখন সরকারের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।তবে নবান্নের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তব ফল কতটা পাওয়া যায়, সেটাই এখন দেখার। প্রতি সোমবারের বৈঠকে বাজারদরের প্রকৃত চিত্র উঠে এলে এবং প্রশাসন ও ব্যবসায়ীরা সমন্বয় রেখে কাজ করলে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেতে পারেন। আপাতত সরষের তেল ও চিনির দাম কমানোর প্রশ্নে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান ঘিরেই নজর রয়েছে রাজ্যের বাজার মহলের।






