কলকাতা

কোথাও পড়ুয়া নেই, কোথাও স্কুলই নেই! উচ্চপ্রাথমিকের হাল ফেরাতে বড় উদ্যোগ রাজ্যের

কোথাও স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম, আবার কোথাও কয়েক কিলোমিটারের মধ্যে কোনও উচ্চপ্রাথমিক স্কুলই নেই

Truth of Bengal: রাজ্যের উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখতে নতুন করে তথ্য সংগ্রহের উদ্যোগ নিল স্কুলশিক্ষা দপ্তর। কোথাও স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম, আবার কোথাও কয়েক কিলোমিটারের মধ্যে কোনও উচ্চপ্রাথমিক স্কুলই নেই। ফলে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়ছে বহু শিশু। এই বৈপরীত্যের প্রকৃত চিত্র জানতে সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৫০ জনের কম পড়ুয়া রয়েছে, এমন উচ্চপ্রাথমিক স্কুলগুলিকে কাছাকাছি বড় স্কুলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েই সামনে এসেছে অন্য একটি সমস্যা। বেশ কিছু এলাকায় প্রয়োজনের তুলনায় উচ্চপ্রাথমিক স্কুলের সংখ্যা কম। কোথাও আবার স্কুলের দূরত্ব এতটাই বেশি যে পড়ুয়াদের নিয়মিত যাতায়াতেও অসুবিধা হচ্ছে।

শিক্ষার অধিকার আইন অনুযায়ী, শিশুদের নাগালের মধ্যে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরের স্কুল থাকা প্রয়োজন। সাধারণভাবে এক কিলোমিটারের মধ্যে এই স্কুলের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। কিন্তু সরকারি তথ্য বলছে, রাজ্যের কিছু এলাকায় সেই নিয়মের ব্যতিক্রম রয়েছে। প্রাথমিকভাবে সমস্ত তথ্য হাতে পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করার পরিকল্পনা রয়েছে সরকারের। কোথাও নতুন স্কুল তৈরি, আবার কোথাও উচ্চপ্রাথমিক স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নীত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে উচ্চপ্রাথমিক স্কুলগুলিকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে আপত্তি রয়েছে শিক্ষক সংগঠনগুলির একাংশের। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিদের বক্তব্য, নতুন স্কুল তৈরি বা সংযুক্তিকরণের আগে বর্তমানে দুর্বল অবস্থায় থাকা স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া জরুরি। পাশাপাশি পড়ুয়ার সংখ্যা বাড়ানোর দিকেও জোর দিতে হবে। তাঁদের মতে, স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষার মান উন্নত হলে উচ্চপ্রাথমিক স্তরের পঠনপাঠন আরও মজবুত হবে। একই সঙ্গে ভবিষ্যতে স্কুল সংযুক্তিকরণের প্রক্রিয়াও সহজ হবে।